পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় ঈদুল ফিতরের নামাজ শেষে ঈদগাহের পাশে আয়োজিত মেলা থেকে কনসার্টের জন্য চাঁদা উত্তোলনের অভিযোগে টেপ্রীগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিটুলকে স্থানীয়রা গণপিটুনি দিয়েছেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিটুল পূর্বে টেপ্রীগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। শনিবার সকাল ১০টায় রামগঞ্জ বিলাসী উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় এবং সেখানে একদিনের মেলা বসে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিবছর মেলায় আগত দোকানদারদের কাছ থেকে মাঠ পরিষ্কারের জন্য ২০ থেকে ৫০ টাকা আদায় করা হতো। এবার বিটুলের নেতৃত্বে আশরাফুল, সহিদুলসহ কয়েকজন মেলায় আগত ব্যবসায়ীদের কাছ থেকে কনসার্ট আয়োজনের জন্য ৪০০ থেকে ৬০০ টাকা করে চাঁদা দাবি করেন এবং কয়েকজনের কাছ থেকে তা আদায়ও করা হয়।
রামগঞ্জ বিলাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম আযম জানান, বিদ্যালয় মাঠে কনসার্ট আয়োজনের জন্য চাঁদা উত্তোলনের বিষয়ে তিনি নিষেধ করেছিলেন। নিষেধ অমান্য করে চাঁদা আদায়ের চেষ্টায় গণ্ডগোল শুরু হয়।
একপর্যায়ে ক্ষুব্ধ ব্যবসায়ী ও স্থানীয়রা বিটুলকে ধাওয়া করে গণপিটুনি দেন। তিনি পার্শ্ববর্তী একটি বাড়িতে আশ্রয় নেন। পরে দেবীগঞ্জ থানায় খবর দেওয়া হলে পুলিশ তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার সরকার জানান, ঈদ উপলক্ষ্যে মেলায় আগত অস্থায়ী দোকান থেকে মাঠ পরিষ্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য চাঁদা আদায়কে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং পুলিশ পৌঁছানোর আগেই ঘটনাটি প্রায় সমাধান হয়ে যায়।
এদিকে একটি পক্ষ দাবি করেন, রামগঞ্জ বিলাসী ঈদগাহ মাঠের ব্যয় নির্বাহের জন্য মেলা থেকে চাঁদা আদায় করা হয়েছিল। তবে রামগঞ্জ বিলাসী ঈদগাহ মাঠ কমিটির সভাপতি আব্দুল জব্বার জানান, উপজেলায় সুপরিচিত এই ঈদগাহ মাঠে প্রতি বছর বড় জামাত অনুষ্ঠিত হয়। ঈদগাহ মাঠের ব্যয় নির্বাহ বা ইমামের সম্মানী প্রদানের জন্য কোনো ঈদেই মেলা থেকে চাঁদা আদায় করা হয়নি।
ইউনিয়ন বিএনপির সাবেক কমিটির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য বাবুল জানান, বিটুল ইউনিয়ন কমিটির কোনো পদে দায়িত্বে নেই এবং তিনি শুধু সাধারণ সদস্য। ঈদের নামাজের পর হাতাহাতির ঘটনা ঘটেছে বলে শোনা গেছে।
আরও পড়ুন:








