শনিবার

২১ মার্চ, ২০২৬ ৭ চৈত্র, ১৪৩২

সরকারি চালের অর্থ আত্মসাতের অভিযোগে এনসিপির দুই নেতাকে শোকজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মার্চ, ২০২৬ ১৬:১৪

শেয়ার

সরকারি চালের অর্থ আত্মসাতের অভিযোগে এনসিপির দুই নেতাকে শোকজ
ছবি সংগৃহীত

সরকারি চালের অর্থ আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুষ্টিয়া জেলা ও কুমারখালী উপজেলা শাখার দুই নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার রাতে জেলা শাখার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনির স্বাক্ষরে দলীয় প্যাডে এ নোটিশ জারি করা হয়।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জান্নাতুল ফেরদৌস টনি জানান, জেলা শাখার জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়কারী ইবাদত আলী এবং কুমারখালী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হেলাল উদ্দিনকে শোকজ করা হয়েছে। তাঁদের আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে অভিযোগ করা হয়, সরকারি বরাদ্দের চালের অর্থ আত্মসাৎ এবং নির্বাচনী সময়ে দলীয় নীতিমালা লঙ্ঘন করে অন্য রাজনৈতিক দলের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণ করেছেন সংশ্লিষ্ট দুই নেতা।

তবে অভিযোগ অস্বীকার করে হেলাল উদ্দিন বলেন, দুই টন চাল বিক্রি করে ৭১ হাজার টাকা পাওয়া যায়। এর মধ্যে ২৯ হাজার টাকায় শাড়ি-লুঙ্গি কেনা হয় এবং ৫ হাজার টাকা দৌলতপুরে একটি ইফতার কর্মসূচিতে ব্যয় করা হয়। বাকি ৩৭ হাজার টাকা জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা তাঁর কাছ থেকে গ্রহণ করেছেন বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, তিনি কোনো অনিয়ম করেননি এবং বিষয়টি নিয়ে ষড়যন্ত্র হচ্ছে।

এদিকে, জান্নাতুল ফেরদৌস টনি বলেন, বিভিন্ন মাধ্যমে পাওয়া অভিযোগের ভিত্তিতে সঠিক হিসাব-নিকাশ যাচাই করতেই শোকজ নোটিশ দেওয়া হয়েছে। ৩৭ হাজার টাকা গ্রহণের বিষয়ে তিনি জানান, তাঁর উপস্থিতিতে কুমারখালীর নেতাকর্মীরাই ওই টাকা বুঝে নিয়েছেন। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের জবাবের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।



banner close
banner close