আগামী তিন মাসের মধ্যে দেশব্যাপী বিজ্ঞানসম্মত ডিজিটাল হেলথ কার্ড বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। এই কার্ডে রোগীর জিনগত বৈশিষ্ট্য ও পূর্ববর্তী চিকিৎসার পূর্ণাঙ্গ ইতিহাস সংরক্ষিত থাকবে। ফলে রোগী দেশের যেকোনো স্থানে চিকিৎসকের কাছে গেলে কার্ড দেখিয়েই চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।
বুধবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুস্থ ও গরিব মানুষের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে প্রতি মাসে সারাদেশে এই কার্ড বিতরণ করা হবে। কৃষকদের জন্য আগামী মাসের মধ্যে বিশেষ কৃষক কার্ড দেওয়ার ঘোষণাও দেন তিনি। জানান, কৃষকের কৃষি ঋণের ১০ হাজার টাকা সুদসহ মওকুফ করে দেওয়া হয়েছে।
সরকারের দায়বদ্ধতার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি দায়বদ্ধ সরকার এবং জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। পূর্ববর্তী সরকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগের সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয়ে কোনো তহবিল রেখে যায়নি। তবে বর্তমান সরকার তা সত্ত্বেও প্রতিটি ইউনিয়নের মসজিদ, মন্দির ও গোরস্থানের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ দিয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান। এ সময় মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুল ইসলাম, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, উপজেলা বিএনপির সদস্য ভিপি মোস্তফা মিয়াসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী উপজেলার ২৮২ জন দুস্থ ও গরিব মানুষের মাঝে ঈদের এই মানবিক অনুদান বিতরণ করেন। সবার সহযোগিতা পেলে দুর্নীতি ও মাদকমুক্ত একটি সুন্দর সমাজ উপহার দিতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আরও পড়ুন:








