সিরাজগঞ্জে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে স্বেচ্ছাসেবক কার্যক্রম উদ্বোধনকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি ঈদে ট্রেন, বাস ও লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং মহাসড়কে চাঁদাবাজি রোধে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করতে হবে এবং পরিবহন খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মহাসড়কে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি বলে উল্লেখ করেন তিনি।
সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর হয়ে উত্তরাঞ্চলের যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে জামায়াত ও শিবিরের নেতা-কর্মীদের স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।
রফিকুল ইসলাম খান এমপি আরও জানান, পূর্ববর্তী বছরগুলোতে ঈদযাত্রার সময় উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত হাটিকুমরুল গোলচত্বরে যানবাহন চালক ও যাত্রীদের ভোগান্তি বেশি ছিল। তবে এবারে পরিস্থিতির উন্নতি হয়েছে এবং প্রশাসন দায়িত্ব পালন করছে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি জনপ্রতিনিধিরা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলেও জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আব্দুল বারী এবং হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতের সভাপতি রাকিবুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আরও পড়ুন:








