জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গণভোটে পাওয়া জনগণের ম্যান্ডেট উপেক্ষা করা হলে তা স্বৈরাচারের পথে অগ্রসর হওয়ার প্রথম ধাপ হতে পারে। তিনি জানান, জুলাই সনদ কোনো একক রাজনৈতিক দলের এজেন্ডা নয়; এটি দেশের মানুষের এজেন্ডা এবং গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ এর বাস্তবায়নের পক্ষে মত দিয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক কর্মী সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম জানান, প্রায় ৫০ শতাংশ ভোট পেয়ে বিএনপি সরকার গঠন করেছে, তবে জুলাই সনদের পক্ষে গণভোটে আরও বেশি মানুষ সমর্থন দিয়েছেন। তার মতে, ক্ষমতায় এসে যদি সরকার এই ম্যান্ডেট ও গণভোটের দাবি উপেক্ষা করে, তাহলে তা স্বৈরাচারী প্রবণতার ইঙ্গিত হতে পারে।
তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি জনগণ এবং জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী। তাই জনগণ যদি গণভোটের মাধ্যমে কোনো নীতি বাস্তবায়নের পক্ষে মত দেয়, সেটিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। জনগণের ম্যান্ডেট উপেক্ষা করে ক্ষমতা কেন্দ্রীভূত করার চেষ্টা হলে তা প্রতিরোধ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
সারজিস আলম দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, ধর্ষণ ও হত্যার মতো অপরাধের ঘটনা বৃদ্ধি পাচ্ছে এবং এসব ঘটনার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
তিনি আরও অভিযোগ করেন, সরকার জেলা পরিষদ ও সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের পর উপজেলা ও পৌরসভায়ও প্রশাসক নিয়োগের উদ্যোগ নিচ্ছে। তার দাবি, এতে দলীয় নেতাকর্মীদের পুনর্বাসনের সুযোগ তৈরি হতে পারে এবং প্রশাসনিক কাঠামোর মাধ্যমে ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার ঝুঁকি রয়েছে।
সারজিস আলম বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের মাধ্যমে যদি ক্ষমতা জনগণের পরিবর্তে নির্দিষ্ট গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত করা হয়, তাহলে তা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ হতে পারে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের ইতিহাসে কোনো স্বৈরাচার দীর্ঘদিন স্থায়ী হয়নি এবং ভবিষ্যতেও জনগণ গণতান্ত্রিক অধিকার রক্ষায় সক্রিয় থাকবে।
আরও পড়ুন:








