সোমবার

১৬ মার্চ, ২০২৬ ২ চৈত্র, ১৪৩২

গণভোট নিয়ে এনসিপি নেতারা অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী আসাদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬ ১৬:৫৮

শেয়ার

গণভোট নিয়ে এনসিপি নেতারা অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী আসাদুজ্জামান
ছবি সংগৃহীত

গণভোট প্রসঙ্গে এনসিপি নেতাদের বক্তব্য নিয়ে সমালোচনা করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এনসিপি নেতারা গণভোট সম্পর্কে না বুঝেই কথা বলছেন এবং বিষয়টি তারা “অর্ধেক বুঝেছেন”। এ বিষয়ে জাতীয় সংসদে জবাব দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (১৬ মার্চ) দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা–হাসিমপুর খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, এনসিপি নেতাদের দেওয়া বক্তব্য সঠিক নয়। বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে এবং সেই সনদের আলোকেই তারা এগিয়ে যেতে চায়। তিনি বলেন, “ইমোশন ও আইন—দুটিকে একসঙ্গেই নিয়ে আমরা চলতে চাই।”

৫ আগস্ট পরবর্তী মামলাজট প্রসঙ্গে তিনি বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে সবার মতামতের ভিত্তিতে এসব মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্য এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিএনপি সরকার দেশের প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন করবে এবং অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।

এর আগে খাল খনন কর্মসূচি উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আইনমন্ত্রী। কুষ্টিয়ার জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুষ্টিয়া-১ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, কুষ্টিয়া-৪ আসনের জামায়াতদলীয় সংসদ সদস্য আফজাল হুসাইনসহ বিএনপির স্থানীয় নেতারা।



banner close
banner close