শনিবার

১৪ মার্চ, ২০২৬ ৩০ ফাল্গুন, ১৪৩২

ফ্যামিলি কার্ডের নামে চেকবই চুরির অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬ ২১:৫০

শেয়ার

ফ্যামিলি কার্ডের নামে চেকবই চুরির অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
ছবি সংগৃহীত

নরসিংদীর সদর উপজেলার কাঠালিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক গৃহিণীর ব্যাংক চেকবই চুরির অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইব্রাহীম মিয়ার বিরুদ্ধে। ভুক্তভোগী গৃহিণী নাসিমা বেগমের দাবি, জাতীয় পরিচয়পত্র নেওয়ার পর বাড়িতে এসে চেকবই চুরি করেন অভিযুক্ত ইব্রাহীম। পরে তার মেয়ে ঘটনাটি দেখে ফেলায় চেকবইটি ফেরত দেওয়া হলেও চার থেকে পাঁচটি পাতা অনুপস্থিত রয়েছে বলে অভিযোগ।

কাঠালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুর গাফফারের ছেলে ইব্রাহীম মিয়া বর্তমানে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ভুক্তভোগী নাসিমা বেগম স্থানীয় বাসিন্দা এবং অভিযুক্ত তার পাশের বাড়ির প্রতিবেশী। নাসিমা বেগম জানান, দারিদ্র্যের কারণে ফ্যামিলি কার্ড পাওয়ার আশায় তিনি ইব্রাহীমের প্রস্তাবে রাজি হন। প্রথমে জাতীয় পরিচয়পত্র নেওয়ার পর জন্মনিবন্ধন সনদ তৈরি করতে আট হাজার টাকা দাবি করেন ইব্রাহীম। একদিন ফ্যামিলি কার্ডের কাগজপত্র দেওয়ার কথা বলে বাড়িতে এসে ব্যাংকের চেকবই চুরি করে নেন তিনি। বিষয়টি নাসিমার মেয়ে দেখে ফেলায় পরে চেকবই ফেরত দেন অভিযুক্ত।

স্থানীয় যুবক মো. ইহসাক মিয়া জানান, ফ্যামিলি কার্ডের নামে টাকা ও কাগজপত্র নেওয়ার অভিযোগের বিষয়টি স্বেচ্ছাসেবক দলের জেলা কমিটির সভাপতিকে জানানো হয়েছে।

নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ বলেন, বিষয়টি তার জানা আছে এবং অভিযোগের সত্যতা যাচাই করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ অস্বীকার করে ইব্রাহীম মিয়া বলেন, কয়েকটি কাগজ সংগ্রহ করতে গিয়ে ভুলবশত চেকবইটি তার কাছে চলে আসে এবং পরে তিনি তা ফেরত দিয়েছেন। এ বিষয়ে জানতে কাঠালিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ইহসাক মিয়ার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।



banner close
banner close