ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে দেশজুড়ে প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ১৪ মার্চ থেকে এ কর্মসূচি শুরু হয়েছে, যার লক্ষ্য বর্ষা মৌসুমের আগেই এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং মানুষকে সচেতন করা।
শনিবার সকাল ১০টায় রাজশাহীর পবা উপজেলার বায়া ব্রিজ সংলগ্ন গাংগপাড়া খালে জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বাড়ি, আঙিনা, ড্রেন ও জলাধার পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নিয়মিত নদী-খাল পরিষ্কার রাখা গেলে মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ করা সম্ভব।
তিনি আরও বলেন, এ ধরনের কর্মসূচিতে জাঁকজমকপূর্ণ আয়োজনের প্রয়োজন নেই। তাই এদিন অনুষ্ঠানে কোনো স্টেজ বা মাইক্রোফোন ব্যবহার করা হয়নি এবং বেলুন ওড়ানোর মতো আনুষ্ঠানিক আয়োজনও করা হয়নি।
অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, দীর্ঘদিনের অবহেলায় সৃষ্টি হওয়া সমস্যাগুলো দূর করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কে সমস্যা তৈরি করেছে তা নিয়ে বিতর্কের চেয়ে গুরুত্বপূর্ণ হলো তা সমাধান করা। ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে নদী-নালা পরিষ্কার রাখা এবং মানুষের সচেতনতা বৃদ্ধি জরুরি বলেও তিনি উল্লেখ করেন।
এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও ডেঙ্গু প্রতিরোধে এই কর্মসূচির আয়োজন করে রাজশাহী জেলা প্রশাসন। এতে সহযোগিতা করে উপজেলা প্রশাসন ও নওহাটা পৌরসভা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নওহাটা পৌর প্রশাসক মোহাম্মদ মেহেদী হাসান।
উল্লেখ্য, গত বুধবার (১১ মার্চ) এক ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান। তারই ধারাবাহিকতায় শনিবার থেকে সারাদেশে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানের সূচনা করা হয়েছে।
আরও পড়ুন:








