শনিবার

১৪ মার্চ, ২০২৬ ৩০ ফাল্গুন, ১৪৩২

এমপি রাশেদের নাম ব্যবহার করে তদবির বন্ধে নির্দেশনা

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬ ১২:৫৬

শেয়ার

এমপি রাশেদের নাম ব্যবহার করে তদবির বন্ধে নির্দেশনা
ছবি সংগৃহীত

শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম তার নাম ব্যবহার করে কেউ যেন কোনো ধরনের অনৈতিক সুবিধা নিতে না পারে- এ বিষয়ে উপজেলার সরকারি দপ্তরগুলোকে সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছেন।

শনিবার (১৪ মার্চ) সংসদ সদস্য রাশেদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

রাশেদুল ইসলাম জানান, বিভিন্ন সরকারি অফিসে এমপির নাম ব্যবহার করে কেউ ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে- এমন শঙ্কা থেকেই সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। এ ধরনের কোনো অনৈতিক কর্মকাণ্ডের সুযোগ না দিতে সকল কর্মকর্তা-কর্মচারীকে আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তি যদি তার নাম ব্যবহার করে সুপারিশ, তদবির বা বিশেষ সুবিধা নেওয়ার চেষ্টা করেন, তাহলে তা গুরুত্বসহকারে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ বিষয়ে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমি জেলার সরকারি প্রায় সব অফিস পরিদর্শন করেছি। কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এসব নির্দেশনা জানিয়েছি।

এ বিষয়ে হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ বলেন, আমার নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় অনৈতিক সুবিধা নেওয়ার সুযোগ নেই। তাই সাধারণ মানুষকে হয়রানি বা বিভ্রান্তি থেকে রক্ষা করতে এ সতর্কতা করা হয়েছে। জনগণের সেবা নিশ্চিত করতে প্রশাসনের সবাইকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।



banner close
banner close