শুক্রবার

১৩ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন, ১৪৩২

বিডিআর বিদ্রোহের মাধ্যমে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬ ২২:৩০

শেয়ার

বিডিআর বিদ্রোহের মাধ্যমে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির
ছবি সংগৃহীত

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, পিলখানা হত্যাকাণ্ড গর্বের বাহিনীকে দুর্বল করার জন্য একটি গভীর ষড়যন্ত্র ছিল এবং বিডিআর বিদ্রোহের মাধ্যমে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল। তিনি বলেন, চব্বিশে জুলাই হত্যাকাণ্ডের মাধ্যমে এই পরিস্থিতি চূড়ান্ত আকার নেয় এবং এর প্রভাব ওসমান হাদি পর্যন্ত অব্যাহত ছিল।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস-এর আয়োজনে অনুষ্ঠিত ইফতার অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বলেন, পিলখানায় মেধাবী সেনা কর্মকর্তাদের হত্যা দেশের প্রতিরক্ষা ও সার্বভৌমত্বে আঘাত করেছে। তিনি নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উল্লেখ করেন, দেশের মানুষ ও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এ ঘটনায় শোকাহত হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, এর পরেও দেশে বিভিন্ন হত্যাকাণ্ড ঘটেছে। শাপলা চত্বরে আলেম ও ওলামাদের হত্যা ও নিহতদের নিয়ে উপহাসের ঘটনা প্রত্যক্ষ হয়েছে। তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ড ইতিহাসে নজিরবিহীন ঘটনা এবং এর আসল রহস্য লুকাতে ভুক্তভোগীদের দোষী প্রমাণের চেষ্টা করা হয়েছে। তিনি জানান, জামায়াত দেশের দায়িত্ব পেলেই পিলখানা হত্যাকাণ্ডের সত্যিকার বিচার নিশ্চিত করবে।

তিনি বলেন, জাতি এখন প্রতিহিংসার রাজনীতি থেকে মুক্তি চায় এবং সব নাগরিকের জন্য সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে পিলখানা ও জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানানো হয়। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের নেতাসহ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।



banner close
banner close