ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শারীরিক অবস্থার অবনতি ঘটায় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পরিকল্পনা বাতিল করে শুক্রবার দেশেই তার এই অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি পর্যবেক্ষণে রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেল ৩টার পর মির্জা আব্বাসকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অস্ত্রোপচার শেষে তাকে অবজারভেশনে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থার বিষয়ে পরে মেডিকেল বোর্ড বিস্তারিত জানাবে বলে আশা করা যাচ্ছে।
এর আগে জুমার নামাজের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে যান। চিকিৎসাধীন এই নেতার খোঁজখবর নেন এবং মেডিকেল বোর্ডের কাছ থেকে তার চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত হন।
মির্জা আব্বাসের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সৈয়দ সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা রয়েছেন।
গত বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।
আরও পড়ুন:








