জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান এবং উপনেতা হিসেবে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে স্বীকৃতি দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চসংখ্যক সদস্য নিয়ে গঠিত দল বা জোটের নেতা হিসেবে ড. শফিকুর রহমানকে জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২(১)(ট) বিধি এবং বিরোধী দলের নেতা ও উপনেতা পারিতোষিক ও বিশেষাধিকার আইন ২০২১ অনুযায়ী জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
একই প্রজ্ঞাপনে বলা হয়, একই আইনের বিধান অনুযায়ী সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে জাতীয় সংসদের বিরোধী দলের উপনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন স্পিকার।
আইন অনুযায়ী জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও উপনেতাকে স্পিকারের মাধ্যমে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে হয়। গত ১৭ ফেব্রুয়ারি বিরোধী দলীয় জোটের পক্ষ থেকে ড. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা এবং সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে উপনেতা নির্বাচিত করা হয়। তবে সে সময় স্পিকার না থাকায় আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া সম্ভব হয়নি। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে হাফিজ উদ্দিন আহমদ স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি বিরোধীদলীয় নেতা ও উপনেতাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেন।
আরও পড়ুন:








