চলতি মাসের প্রথম ১১ দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার ২৩২ কোটি টাকা। এই সময়ে দৈনিক গড় রেমিট্যান্স এসেছে ১৭ কোটি ৪৫ লাখ ডলার।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চলতি মার্চের প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৩৩ কোটি ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বাড়ার তথ্য দিয়েছেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১১ মার্চ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৪৩৭ কোটি ৪০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৩ দশমিক ২০ শতাংশ।
ব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রবাসীরা দেশে তাদের আত্মীয়-স্বজনদের কাছে বেশি পরিমাণে অর্থ পাঠাচ্ছেন। এ কারণে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। তবে মধ্যপ্রাচ্যে সংঘাত চলমান থাকলে রেমিট্যান্স প্রবাহে কিছুটা প্রভাব পড়তে পারে বলে তারা মনে করছেন।
আরও পড়ুন:








