ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বিরোধী দলের সংসদ সদস্যদের ওয়াকআউটের পর জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর দেওয়া একটি সংক্ষিপ্ত ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার ১২ মার্চ বিকেল প্রায় ৪টার দিকে সংসদ ভবন থেকে বের হওয়ার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে ইংরেজিতে তিন শব্দের একটি স্ট্যাটাস দেন হাসনাত আব্দুল্লাহ। স্ট্যাটাসটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় বলা হচ্ছে, স্ট্যাটাসে ব্যবহৃত চুপ্পু শব্দটি দিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে বোঝানো হয়েছে। রাজনৈতিক অঙ্গনে তাকে অনেক সময় এই নামে উল্লেখ করা হয়। তবে এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
এর আগে একই দিন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ জানান। স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির ভাষণের ঘোষণা দিলে বিরোধী সদস্যরা দাঁড়িয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করে আপত্তি জানান।
পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অধিবেশন কক্ষে প্রবেশ করে ভাষণ শুরু করলে বিরোধী সদস্যরা উচ্চকণ্ঠে প্রতিবাদ অব্যাহত রাখেন। একপর্যায়ে তারা অধিবেশন কক্ষ ত্যাগ করে ওয়াকআউট করেন।
জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোটের দলগুলো সংসদে বর্তমান রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিষয়ে আগেই আপত্তি জানিয়েছিল বলে জানা গেছে।
আরও পড়ুন:








