বুধবার

১১ মার্চ, ২০২৬ ২৭ ফাল্গুন, ১৪৩২

চুয়াডাঙ্গায় সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে মিলিমা ইসলাম বিশ্বাস মিলির নাম আলোচনায়

চুয়াডাঙ্গার প্রতিনিধি

প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬ ১৯:২২

আপডেট: ১১ মার্চ, ২০২৬ ১৯:২২

শেয়ার

চুয়াডাঙ্গায় সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে মিলিমা ইসলাম বিশ্বাস মিলির নাম আলোচনায়
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গার রাজনীতি ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন মিলিমা ইসলাম বিশ্বাস মিলি। জাতীয়তাবাদী রাজনীতির আদর্শে বিশ্বাসী এই নেত্রী রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমেও নিজেকে সম্পৃক্ত রেখেছেন। স্থানীয় রাজনৈতিক মহলে তাকে সংরক্ষিত মহিলা আসনের সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে আলোচনায় দেখা যাচ্ছে।

মিলিমা ইসলাম বিশ্বাস মিলি চুয়াডাঙ্গা জেলার একটি সম্মানিত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম সহিদুল ইসলাম বিশ্বাস চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পারিবারিকভাবে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় ছোটবেলা থেকেই তিনি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েন।

রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ছিলেন। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বেগম খালেদা জিয়া হল ছাত্রদলের সাবেক সভাপতি এবং চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ২৩ নভেম্বর অনুষ্ঠিত চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি প্রায় ৪০ শতাংশ ভোট লাভ করেন, যা তাকে জেলার রাজনীতিতে একটি শক্ত অবস্থানে নিয়ে আসে।

তার পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যও বেশ সমৃদ্ধ। তার চাচা মোহাম্মদ অহিদুল ইসলাম বিশ্বাস চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র এবং চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ছিলেন। পরিবারটির উদ্যোগে চুয়াডাঙ্গায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, যার মধ্যে রয়েছে চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজ, চুয়াডাঙ্গা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এবং শাহাদাত হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমেও অংশগ্রহণ করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন সময়ে দলের প্রার্থীদের পক্ষে প্রচারণা, জনসভা, পথসভা, কর্মী সমাবেশ ও গণসংযোগে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে নিরলসভাবে কাজ করেছেন এবং জনমত গড়ে তুলতে ভূমিকা রেখেছেন। দলীয় মনোনয়ন না পেলেও তিনি বিচলিত হননি এবং দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে নির্বাচনী কার্যক্রমে সক্রিয় ছিলেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না হয়েও দলের পক্ষে কাজ করার এই মনোভাব তাকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে আলাদা মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে।

স্থানীয় অনেকের মতে, মিলিমা ইসলাম বিশ্বাস মিলিকে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য করা হলে চুয়াডাঙ্গার মানুষ উপকৃত হবেন। তারা মনে করেন, পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ তাকে এই দায়িত্ব পালনের জন্য উপযুক্ত করে তুলেছে।



banner close
banner close