বুধবার

১১ মার্চ, ২০২৬ ২৭ ফাল্গুন, ১৪৩২

লাইভে এসে দেবিদ্বারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরলেন এমপি হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬ ০৯:৫০

শেয়ার

লাইভে এসে দেবিদ্বারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরলেন এমপি হাসনাত আবদুল্লাহ
ছবি সংগৃহীত

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ তাঁর নির্বাচনী এলাকার উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি দেবীদ্বারের চলমান উন্নয়ন কার্যক্রম, সমস্যা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

লাইভে তিনি জানান, গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর গত তিন সপ্তাহ ধরে তিনি মূলত এলাকার চলমান প্রকল্প, প্রশাসনিক কার্যক্রম এবং সরকারি সেবার বাস্তব চিত্র বোঝার চেষ্টা করছেন।

এ সময় দেবীদ্বারের অন্যতম বড় সমস্যা হিসেবে রাস্তাঘাটের দুরবস্থার কথা উল্লেখ করেন তিনি। এই সমস্যা সমাধানে ইতোমধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) তত্ত্বাবধানে বিভিন্ন সড়ক উন্নয়নকাজ শুরু হয়েছে বলে জানান। বর্ষা মৌসুমের আগেই এসব কাজের বড় অংশ শেষ করার পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত সড়কগুলো পর্যায়ক্রমে সংস্কারের আশ্বাস দেন।

উন্নয়নকাজের গতি ও মান বজায় রাখার বিষয়ে ঠিকাদারদের উদ্দেশে কড়া বার্তাও দেন এই সংসদ সদস্য। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে এবং গুণগত মানের সঙ্গে কোনো আপস করা যাবে না। একই সঙ্গে একাধিক প্রতিষ্ঠানের নামে কাজ নিয়ে ধীরগতিতে বাস্তবায়নের প্রবণতা থেকেও ঠিকাদারদের সতর্ক করেন তিনি।

লাইভে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি সহায়তার বিষয়ও তুলে ধরেন তিনি। হাসনাত আবদুল্লাহ জানান, দেবীদ্বার পৌরসভায় ৩ হাজার ৮১টি এবং উপজেলার ১৫টি ইউনিয়নে মোট ২০ হাজার ৬৩৫টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। এসব সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে, সে বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেন তিনি।

এ ছাড়া কাবিখা কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নে ১০টি অবকাঠামো উন্নয়নকাজ এবং দুটি খাল পুনঃখননের পরিকল্পনার কথাও জানান তিনি।

সরকারি কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে ‘জবাবদিহিতা’ নামে একটি ফেসবুক পেজ চালুর ঘোষণাও দেন এমপি হাসনাত আবদুল্লাহ। ওই পেজে দেবীদ্বারের সব সরকারি বরাদ্দ, প্রকল্প ও বাস্তবায়ন অগ্রগতির তথ্য নিয়মিত প্রকাশ করা হবে বলে জানান তিনি।

লাইভে তিনি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি ইউনিয়ন পরিষদের কিছু সচিব ও পৌরসভার কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়ে সতর্কবার্তাও দেন।

সবশেষে তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি অর্থ ও সেবার সুবিধা সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য।



banner close
banner close