বুধবার

১১ মার্চ, ২০২৬ ২৭ ফাল্গুন, ১৪৩২

স্ত্রীর নামে প্রায় ১৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: দুদকের অভিযোগপত্র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬ ০৭:৩৩

শেয়ার

স্ত্রীর নামে প্রায় ১৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: দুদকের অভিযোগপত্র
ফাইল ছবি

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল–এর স্ত্রী লুৎফুল তাহমিনা–র নামে প্রায় ১৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ অভিযোগে তাহমিনাকে প্রধান আসামি ও আসাদুজ্জামান খান কামালকে সহযোগী আসামি করে করা মামলার অভিযোগপত্র অনুমোদন দিয়েছে সংস্থাটি। শিগগিরই এটি আদালতে দাখিল করা হবে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে জানান, এ ঘটনায় ২০২৪ সালের ৯ অক্টোবর মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে সম্প্রতি মামলার অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়েছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, তদন্তে তাহমিনার নামে স্থাবর ও অস্থাবর মিলিয়ে ১৮ কোটি ৪৩ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। একই সময়ে পারিবারিক ব্যয়ের পরিমাণ পাওয়া যায় ১ কোটি ৬৫ লাখ টাকা। ফলে তাঁর মোট অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়ায় ২০ কোটি ৯৯ লাখ টাকা।

তদন্তে দেখা গেছে, এই সম্পদের বিপরীতে তাহমিনার গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ৫ কোটি ২২ লাখ টাকা। এ হিসাবে তাঁর নামে ১৪ কোটি ৮৬ লাখ ৯৭ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে, যার কোনো বৈধ উৎস তদন্তে পাওয়া যায়নি।

অভিযোগপত্রে বলা হয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সরকারি ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ স্ত্রীর নামে রাখতে প্রত্যক্ষ সহযোগিতা করেছেন।

দুদকের তদন্তে আরও জানা যায়, তাহমিনা ও তাঁর স্বামীর যৌথ মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে নগদ ও সন্দেহজনকভাবে ২১ কোটি ৫২ লাখ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে।

তাহমিনার মালিকানাধীন স্থাবর সম্পদের মধ্যে ফ্ল্যাট, জমি ও দোকান রয়েছে। অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে ব্যবসায়িক শেয়ার, ব্যাংকে জমা অর্থ, এফডিআর, সঞ্চয়পত্র এবং যাত্রী পরিবহনের বাস।



আরও পড়ুন:

banner close
banner close