বুধবার

২৯ এপ্রিল, ২০২৬ ১৬ বৈশাখ, ১৪৩৩

গুমের শিকারদের জন্য স্থায়ী পুনর্বাসন কমিশনের দাবি সংসদে তুলবেন এমপি আরমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬ ২১:৫৬

শেয়ার

গুমের শিকারদের জন্য স্থায়ী পুনর্বাসন কমিশনের দাবি সংসদে তুলবেন এমপি আরমান
ছবি সংগৃহীত

ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান জানিয়েছেন, গুমের শিকার ব্যক্তিদের জন্য একটি স্থায়ী পুনর্বাসন কমিশন গঠন এবং ভুক্তভোগীদের সরকারিভাবে স্বীকৃতি প্রদানের দাবি সংসদে উত্থাপন করা হবে।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার আরমান বলেন, প্রথমে গুমের ভুক্তভোগী পরিবারকে স্বীকৃতি দেওয়া হবে, দ্বিতীয়ত, জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি নিশ্চিত করা হবে এবং তৃতীয়ত, ভুক্তভোগীদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া ভবিষ্যৎ প্রজন্মের কাছে মানবতাবিরোধী অপরাধের ইতিহাস সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও জানান, সংসদে তাদের দাবি থাকবে গুমের ভুক্তভোগীদের জন্য স্থায়ী পুনর্বাসন কমিশন গঠন, ভুক্তভোগীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং সরকারিভাবে স্বীকৃতি প্রদান।

জেরার বিষয়ে ব্যারিস্টার আরমান বলেন, দ্বিতীয় দিনের জেরা সম্পন্ন হয়েছে এবং আসামিপক্ষের আইনজীবীরা তার জবানবন্দি বিশ্লেষণ করেছেন। তবে এখন পর্যন্ত কোনো মৌলিক ত্রুটি পাওয়া যায়নি। তিনি উল্লেখ করেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে গুমের নির্দেশ দেওয়া হয়েছিল এবং শীর্ষ কর্মকর্তাদের তত্ত্বাবধানে এটি ঘটেছে। তিনি আশা প্রকাশ করেন যে, তাদের জবানবন্দি ব্যবস্থাপনায় শীর্ষ কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর হবে এবং ভবিষ্যতে মানবতাবিরোধী অপরাধ পুনরায় ঘটবে না।



banner close
banner close