জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেছেন, জনগণের রায়ের ভিত্তিতে নয়; বরং দিল্লি ও লন্ডনে হওয়া চুক্তির ভিত্তিতে বাংলাদেশে সরকার গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) রাজশাহীতে আয়োজিত দলের সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সাম্প্রতিক নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। তাঁর অভিযোগ, ভোট ডাকাতি, কেন্দ্র দখলসহ নানা ধরনের ‘ইঞ্জিনিয়ারিংয়ের’ মাধ্যমে নির্বাচন পরিচালিত হয়েছে। এর ফলে জনগণের রায়ের প্রতিফলন ঘটেনি। তিনি বলেন, “সিস্টেমেটিক একটি অপারেশনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের রায়ের বদলে দিল্লি ও লন্ডনে যে চুক্তি হয়েছিল, সেই চুক্তি অনুযায়ী সরকার গঠন করা হয়েছে।”
তিনি আরও বলেন, “ময়ূরের পেখম যদি কাকের গায়ে পরানো হয়, তাহলে কাক কি ময়ূর হয়ে যায়?”—এভাবে তিনি বর্তমান ব্যবস্থার সমালোচনা করেন।
সংবিধান প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিদ্যমান সংবিধানের কাঠামোর মধ্যে স্বৈরতান্ত্রিক প্রবণতা রয়েছে এবং বর্তমান প্রধানমন্ত্রী সেই পথেই হাঁটছেন বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সংবিধান সংস্কারের উদ্যোগ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আবারও স্বৈরতান্ত্রিক শাসন দেখতে হতে পারে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, কেউ যদি স্বৈরতান্ত্রিক শাসনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন, তাহলে তার পরিচয় নয়; বরং ফ্যাসিবাদ ও ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যকার লড়াই হিসেবে বিষয়টি দেখা হবে। তিনি বলেন, দেশে আর কোনো ফ্যাসিবাদী ব্যবস্থা দেখতে চায় না জনগণ।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দীন আহমাদের উদ্দেশে তিনি বলেন, বিভিন্ন কাজে ব্যস্ত থাকার আগে দেশে ধর্ষণের মতো অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় জনগণ নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেরাই নিতে বাধ্য হবে বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন:








