শনিবার

৭ মার্চ, ২০২৬ ২৩ ফাল্গুন, ১৪৩২

ময়মনসিংহে এক ব্যবসায়ীর কাছে এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ মার্চ, ২০২৬ ১৫:৪৯

শেয়ার

ময়মনসিংহে এক ব্যবসায়ীর কাছে এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে
ছবি সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় কিছু রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে। অভিযোগকারী ব্যবসায়ী মো. নুরুজ্জামান রানা জানান, সশস্ত্র একটি দল তার বাড়িতে গিয়ে হত্যার হুমকি দেয় এবং পরে তার প্রতিষ্ঠানের কর্মীদের বহনকারী গাড়িও আটকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে।

মো. নুরুজ্জামান রানা পিবাড়ীয়া গ্রুপের চেয়ারম্যান। তিনি জানান, প্রায় দেড় বছর পর তিনি নিজ গ্রামের বাড়িতে যান এবং স্থানীয় একটি মাদরাসায় এলাকাবাসীকে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের দাওয়াত কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই আয়োজনে সম্পৃক্ত এক ব্যক্তিকে একটি চক্র নিয়মিত হুমকি দিয়ে আসছিল বলে তিনি দাবি করেন। পরে বিভিন্ন মাধ্যমে তাকে জানানো হয়, তিনি বাড়িতে এলে তাকে হত্যা করা হবে।

রানা জানান, শুক্রবার দুপুর ১২টা ৩২ মিনিটের দিকে প্রায় নয়টি মোটরসাইকেল ও তিনটি অটোরিকশায় করে আনুমানিক ৪০ থেকে ৪২ জনের একটি দল শর্টগান, বন্দুক, রামদা ও লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়ির সামনে আসে। তারা গালিগালাজ করে এবং জুমার নামাজের আগেই তাকে হত্যা করার হুমকি দেয় বলে তিনি অভিযোগ করেন। ঘটনাটি পাশের একটি মাদরাসার সিসি ক্যামেরায় ধারণ হয়েছে বলেও তিনি জানান।

তার দাবি, বাড়িতে তখন শতাধিক মানুষ উপস্থিত থাকায় সশস্ত্র দলটি কিছু সময় পর সেখান থেকে পোড়াবাড়ীয়া বাজারের দিকে চলে যায়।

রানা আরও জানান, বাজারে গিয়ে ওই দলটি এক দোকানদারকে শর্টগান দিয়ে আঘাত করে এবং তাকে মারধর করে। পরে বিকেলে পোড়াবাড়ীয়ায় অবস্থিত পিবাড়ীয়া গ্রুপের কারখানার ছুটি হলে কর্মীদের বহনকারী একটি গাড়ি স্থানীয় ঘাগড়া মীরবাড়ির সামনে আটকানো হয়। সেখানে কয়েকজন অস্ত্র প্রদর্শন করে কর্মীদের ভয়ভীতি দেখায় এবং গালিগালাজ করে বলে তিনি অভিযোগ করেন। কর্মীরা নিজেদের শ্রমিক পরিচয় দিলে পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

মো. নুরুজ্জামান রানা জানান, গফরগাঁওয়ে প্রায় দুই হাজার মানুষের কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে তিনি কারখানা স্থাপন করেছেন। তবে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছেন বলে দাবি করেন। সম্প্রতি তার কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনার বিষয়ে স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।



banner close
banner close