বিদায়ী অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন দেশের সঙ্গে করা চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে দাবি করেছেন দলটির আমির শফিকুর রহমান। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।
জামায়াত আমির তার পোস্টে বলেন, 'বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে সরকার কয়েকটি চুক্তি সম্পাদন করেছে। কিন্তু দুঃখজনকভাবে এ ধরনের কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি।
আমরা বহুবার দাবি জানিয়েছিলাম যে, সংসদ না থাকার কারণে সরকার বিভিন্ন জাতীয় ইস্যুতে যেভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে, ঠিক সেভাবেই আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া উচিত ছিল।
কিন্তু তৎকালীন সরকার আমাদের সেই দাবিগুলোকে আমলে নেয়নি। অতএব, এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট এবং এখানে কোনো ধরনের ধোঁয়াশা তৈরি করার সুযোগ নেই।’
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে সমালোচনার মাঝে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (বর্তমান বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী) খলিলুর রহমান দাবি করেন, চুক্তির আগে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের সাথে কথা হয়েছিল এবং তাদের থেকে ‘সম্মতি’ দেওয়া হয়।
এই চুক্তির আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে দরকষাকষিতে বাংলাদেশের পক্ষ থেকে প্রধান ভূমিকায় ছিলেন ড. খলিলুর রহমান। রাজনৈতিক দলের সম্মতি দেওয়া নিয়ে তার দাবির পর শুক্রবার জামায়াতের তরফে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হলো।
আরও পড়ুন:








