ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ এনে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘোষণা করেছে দলটি। এদিন ভোরে জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
পোস্টে বলা হয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জনগণের রায়কে পাল্টে দেয়ার অপরাধে সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের গ্রেপ্তার এবং জিজ্ঞাসাবাদের দাবিতে আজ বাদ জুমাআ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
এদিকে, নির্বাচনে ফল কারচুপির রহস্য ধীরে ধীরে উন্মোচন হচ্ছে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (০৫ মার্চ) জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের উলামা বিভাগের উদ্যোগে আলেম-উলামা-ইমাম ও খতিবদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
গোলাম পরওয়ার বলেন, সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্যই প্রমাণ হয়, দেশি-বিদেশি শক্তির মাধ্যমে নির্বাচনের ফল ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এ ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে কারা কারা জড়িত জাতির সামনে তা তুলে ধরতে হবে।
সরকারি দল আদালতের ঘাড়ে বন্দুক রেখে জুলাই সনদ ও গণভোটকে অবৈধ ঘোষণার চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, অতীত সরকারের পথে হাঁটতে চাইলে দায়ভার বিএনপিকেই নিতে হবে। তরুণ প্রজন্ম সজাগ রয়েছে, জুলাই বিনষ্টের চক্রান্ত সফল হতে দেওয়া হবে না।
আরও পড়ুন:








