সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় দুর্নীতি প্রতিরোধে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৫ মার্চ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, দুর্নীতি বন্ধের বিষয়ে সরকার কতটা কার্যকর পদক্ষেপ নেয় তা দেখার অপেক্ষায় রয়েছে জনগণ। দলীয় নেতাকর্মী, কর্মকর্তা-কর্মচারী ও প্রশাসনের সবাই সচেতন হলে দুর্নীতি কমানো সম্ভব বলেও তিনি উল্লেখ করেন। সরকার কঠোর অবস্থান নিলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব বলে তিনি মত প্রকাশ করেন।
তিনি আরও বলেন, পবিত্র রমজান মাস কোরআন নাজিলের মাস হওয়ায় এ মাসের গুরুত্ব বিশেষ। কোরআনকে একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এর মর্যাদা রক্ষায় সবাইকে সচেষ্ট হতে হবে। কোরআনের বিধান অনুসরণ করলে সমাজ থেকে দুর্নীতি দূর করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উল্লাপাড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি শারমিন আক্তার রিমা, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








