বুধবার

৪ মার্চ, ২০২৬ ২০ ফাল্গুন, ১৪৩২

বিক্ষোভকারী জামায়াত-শিবির নেতাকর্মীদের গ্রেপ্তারে আলটিমেটাম বিএনপির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ মার্চ, ২০২৬ ২২:১৭

শেয়ার

বিক্ষোভকারী জামায়াত-শিবির নেতাকর্মীদের গ্রেপ্তারে আলটিমেটাম বিএনপির
ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলায় লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভকারী জামায়াত-শিবিরের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বিএনপি।

বুধবার সন্ধ্যায় গাংনী বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।

আসাদুজ্জামান বাবলু বলেন, লাঠিসোঁটা নিয়ে সন্ত্রাসী কায়দায় মহড়া দিয়ে শহরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছে। অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে। একই সঙ্গে জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিলে বিএনপি নেতাদের সম্পর্কে দেয়া কুরুচিপূর্ণ স্লোগান প্রত্যাহারের দাবি জানান।

বিক্ষোভকারী জামায়াত-শিবির নেতাকর্মীদের গ্রেপ্তারে আলটিমেটাম বিএনপির

এর আগে বুধবার দুপুরে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চলাকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সভায় জামায়াত নেতা ও কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হোসেনের বিরুদ্ধে ফ্যাসিবাদের অভিযোগ তুলে তাকে সভা থেকে বের করে দেয়ার দাবি জানান বিএনপির একাংশের নেতাকর্মীরা। এ সময় উভয়পক্ষের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী হস্তক্ষেপ করলে উপস্থিত জনতা ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনার জন্য সভায় উপস্থিত সবার কাছে দুঃখ প্রকাশ করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।

সভা শেষে বিকেল ৪টার দিকে গাংনী শহরে লাঠি হাতে বিক্ষোভ মিছিল করেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। তাদের নেতাদের ওপর হামলার অভিযোগ তুলে বিএনপি নেতা আসাদুজ্জামান বাবলুর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এর প্রতিবাদে সন্ধ্যায় পাল্টা বিক্ষোভ মিছিল করেন বাবলু সমর্থক বিএনপি নেতাকর্মীরা।

ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।



আরও পড়ুন:

banner close
banner close