সোমবার

২ মার্চ, ২০২৬ ১৮ ফাল্গুন, ১৪৩২

উল্লাপাড়ায় সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শন করলেন এমপি মাওলানা রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২ মার্চ, ২০২৬ ১৭:২৯

শেয়ার

উল্লাপাড়ায় সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শন করলেন এমপি মাওলানা রফিকুল ইসলাম খান
ছবি: বাংলা এডিশন

সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান উল্লাপাড়া সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম ও হয়রানির অভিযোগের প্রেক্ষিতে পরিদর্শন করেছেন। সোমবার ২ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে তিনি অফিসটি পরিদর্শন করেন।

দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত অর্থ আদায়সহ বিভিন্ন অভিযোগ ওঠায় তিনি সরেজমিন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে উল্লাপাড়া উপজেলা সাব-রেজিস্টার ফারহানা আজিজ এবং উপস্থিত দলিল লেখক সমিতির সদস্যরা অফিসের বিভিন্ন সুবিধা-অসুবিধা সম্পর্কে তাকে অবহিত করেন। দলিল লেখকদের জন্য একটি পৃথক ভবন নির্মাণের দাবিও উত্থাপন করা হয়।

এ সময় সংসদ সদস্য সংশ্লিষ্টদের উদ্দেশে সরকারি নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায় না করা এবং সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার বিষয়ে সতর্ক থাকার কথা জানান। সরকারি সেবা গ্রহণে জনগণের ভোগান্তি হলে তা গ্রহণযোগ্য হবে না বলেও তিনি উল্লেখ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ, উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি আতাউর রহমান এবং উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক আশরাফুল আলম মুত্তালিবসহ অন্যান্যরা।



banner close
banner close