২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদী–এর বিরুদ্ধে ঘোষিত রায়কে কেন্দ্র করে দেশব্যাপী সহিংস ঘটনার বিচার, নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা এ দাবি জানান।
বিবৃতিতে নেতারা বলেন, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি ঘোষিত রায়কে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তাদের অভিযোগ, সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নারী ও শিশুসহ বহু মানুষ নিহত ও আহত হন। সংগঠনটির দাবি, ওই দিন এবং পরবর্তী কয়েক দিনের ঘটনায় শতাধিক প্রাণহানি ঘটে।
ছাত্রশিবির নেতারা আরও উল্লেখ করেন, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া সে সময় এক বক্তব্যে ঘটনাগুলোর নিন্দা জানিয়েছিলেন। পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগের কথাও তারা তুলে ধরেন।
বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ওই সময়ের ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাঈদীর বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করলে দেশের বিভিন্ন জেলায় সহিংসতা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। সরকারি ও বেসরকারি বিভিন্ন সূত্রে হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যায়।
আরও পড়ুন:








