বৃহস্পতিবার

২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩ ফাল্গুন, ১৪৩২

হাতিয়ায় এমপি হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, গুলির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:২৪

আপডেট: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:৪৭

শেয়ার

হাতিয়ায় এমপি হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, গুলির অভিযোগ
ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় বুধবার দুপুরে হাতিয়া-৬ আসনের সংসদ সদস্য ও নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে তার বহর লক্ষ্য করে হামলা, গুলি ও ভাঙচুরের অভিযোগ ওঠে। এতে কয়েকজন অবরুদ্ধ হওয়ার ঘটনাও ঘটে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রকল্প বাজার এলাকা অতিক্রমের সময় একদল লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে গাড়িবহরে হামলা চালায়। এ সময় ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। মোটরসাইকেলসহ একাধিক যানবাহন ভাঙচুর করা হয়।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে।

সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ অভিযোগ করেন, আওয়ামী লীগের বেলাল মাঝি ও আব্দুর রহমানের নেতৃত্বে বিএনপির কর্মীরা তার বহরে হামলা চালায়। তার দাবি, হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং পাঁচজনের বেশি নেতাকর্মীকে অবরুদ্ধ করে রাখে। বহরে থাকা দশটির বেশি মোটরসাইকেল ও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও তিনি জানান। পুলিশের উপস্থিতিতে হামলার ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে আবদুল হান্নান মাসউদ ও তার সমর্থকেরা স্থানীয় প্রকল্প বাজার সড়কে অবস্থান নেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় থেমে থেমে উত্তেজনা ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।



banner close
banner close