স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী সপ্তাহের মধ্যে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করবে দলটি।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান দলের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম।
সারজিস বলেন, ‘আমরা আগামীতে নতুন একটা গণতান্ত্রিক উত্তরণের পথে যাচ্ছি। এনসিপি তৃতীয় প্রধান রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। নানা প্রতিকূলতা পাড়ি দিয়ে আমরা নির্বাচন পার করেছি।’
স্থানীয় সরকার নির্বাচনে যাতে কোনো ধরনের ভুল না হয়, সে বিষয়ে সজাগ থাকবেন বলেও জানান এনসিপির উত্তরের মুখ্য সংগঠক।
সারজিস বলেন, ‘দ্রুত প্রাথমিকভাবে প্রার্থী যাচাই বাছাই শুরু করব। উপজেলা ও সাংগঠনিক অঞ্চলে গিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে স্থানীয় পর্যায়ে প্রাথমিকভাবে আমাদের প্রার্থী ঘোষণা করা হবে।’
এনসিপি এককভাবে স্থানীয় নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি শুরু করতে যাচ্ছে উল্লেখ করে পৌরসভা ও ইউনিয়ন থেকে শুরু করে জেলা উপজেলায় মাঠ পর্যায়ে নেতাকর্মী যারা রয়েছেন, তাদের প্রস্তুত থাকার আহ্বান জানান সারজিস আলম।
তিনি বলেন, ‘মানুষের কাছে নেতাকর্মীদের গ্রহণযোগ্যতা যত বেশি থাকবে তারাই মূল্যায়ন পাবে। এখন পর্যন্ত এনসিপি-জামায়াত এককভাবে স্থানীয় নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে। জোট কেন্দ্রিক স্থানীয় নির্বাচন হবে কি না, শেষ সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
আরও পড়ুন:








