ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম (ব্যারিস্টার আরমান) বলেছেন, আমার বাবা প্রয়াত মীর কাসেম আলীর মানুষের কল্যাণে কাজ করার যে স্বপ্ন ছিল, তা বাস্তবায়নে আমি নিরলসভাবে কাজ করে যাব।
শনিবার সকালে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক এলাকায় মীর কাসেম আলী প্রতিষ্ঠিত আল-ইসলাম ট্রাস্ট প্রাঙ্গণে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এমপি আরমান বলেন, নদীভাঙন কবলিত হরিরামপুরের অসহায় মানুষের শিক্ষা, স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ছিল আমার বাবার অন্যতম লক্ষ্য। সেই উদ্দেশ্যেই প্রায় ৩০ বছর আগে ২৮০ শতাংশ জমির ওপর আল-ইসলাম ট্রাস্ট প্রতিষ্ঠা করা হয়।
তিনি বলেন, ট্রাস্টের কার্যক্রমকে আরও গতিশীল করে জনকল্যাণমূলক উদ্যোগ সম্প্রসারণ করা হবে।
পরে তিনি পরিবারের সদস্যদের নিয়ে বাবার কবর জিয়ারত করেন। সেখানে ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার আরমান বলেন, দেশে ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠা করা গেলে মানুষ শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারবে।
তিনি রাষ্ট্রের সর্বস্তরে ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং জনগণের আস্থা ও সমর্থনের প্রতিদান সততা ও স্বচ্ছতার মাধ্যমে দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ব্যারিস্টার আরমানকে ট্রাস্টের চেয়ারম্যান ঘোষণা করা হয়। ট্রাস্টের সেক্রেটারি জেনারেল করা হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জাহিদুর রহমানকে।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা উত্তরাঞ্চলের টিম সদস্য ও সাবেক জেলা আমির মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসাইন, মানিকগঞ্জ জেলা আমির হাফেজ মাওলানা মুহাম্মদ কামরুল ইসলাম, মানিকগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থী ডা. মো. আবু বক্কর সিদ্দিক, সহযোগী অধ্যাপক ডা. মো. সহিদুর রহমান খান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আবু তাহের, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলামসহ স্থানীয় নেতারা।
আরও পড়ুন:








