শনিবার

২১ ফেব্রুয়ারি, ২০২৬ ৮ ফাল্গুন, ১৪৩২

আমি কোন দলের এমপি নই, আমি উল্লাপাড়াবাসীর এমপি: রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ২২:০৭

আপডেট: ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ০০:০২

শেয়ার

আমি কোন দলের এমপি নই, আমি উল্লাপাড়াবাসীর এমপি: রফিকুল ইসলাম খান
ছবি: সংগ্রহীত

সিরাজগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, তিনি দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে উল্লাপাড়াবাসীর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি জানান, দল-মত নির্বিশেষে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পেয়েছেন এবং এলাকার সার্বিক উন্নয়নেই তার কাজের অগ্রাধিকার থাকবে।

শুক্রবার উল্লাপাড়া উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, নির্বাচনের আগে ঘোষিত ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে উল্লাপাড়ার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করা হবে। রাস্তাঘাট, সেতু, কালভার্টসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করা হবে এবং স্থানীয় জনগণের অংশগ্রহণের ভিত্তিতেই তা বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, টেকসই উন্নয়নের জন্য জনগণের সক্রিয় সম্পৃক্ততা প্রয়োজন। এ লক্ষ্যে সর্বস্তরের মানুষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

নির্বাচনী ফলাফল প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন আসনে নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের মাধ্যমে তার দলের প্রার্থীদের পরাজিত করা হয়েছে। তার দাবি, ভোটগ্রহণের প্রাথমিক পর্যায়ে পরিবেশ স্বাভাবিক থাকলেও পরবর্তী সময়ে ফলাফলে পরিবর্তন দেখা যায়।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা শাহীনুর আলাম, জেলা সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. খাইরুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর ডা. নজরুল ইসলাম, সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, দপ্তর সম্পাদক আ. বারী ও প্রচার সম্পাদক আশরাফুল আলম মুত্তালিবসহ স্থানীয় নেতৃবৃন্দ।



banner close
banner close