সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। পরাজয়ের পরই ছায়া মন্ত্রিসভা গঠনের কথা জানান শিশির মনির।
শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমরা ছায়া মন্ত্রীপরিষদ গঠন করব ইনশাআল্লাহ।’ এ বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
রবিবার সকালে দেয়া আরেক পোস্টে তিনি বলেন, রাজনীতিতে নতুনত্ব আনা প্রয়োজন। সরকারি দল মন্ত্রিসভা গঠন করবে, বিরোধীদল ছায়া মন্ত্রিসভা গঠন করবে- সংসদের ভেতরে ও বাইরে তুমুল বিতর্ক হবে। এতে সৃষ্টিশীল নেতৃত্ব গড়ে উঠবে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে বিএনপি মনোনীত বর্ষীয়ান রাজনীতিক নাছির চৌধুরীর কাছে হেরে গেলেও রাজনৈতিকভাবে সক্রিয় থাকার ঘোষণা দিয়েছেন তিনি। ফল ঘোষণার পর সৌজন্য সাক্ষাতে বিজয়ী প্রার্থী নাছির চৌধুরীকে শুভেচ্ছা জানান শিশির মনির।
এ সময় তিনি মিষ্টিমুখ করান এবং নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করেন। শান্তিপূর্ণভাবে নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
নির্বাচনের ফলাফল অনুযায়ী নাছির চৌধুরী ৯৯ হাজার ৫২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিশির মনির পেয়েছেন ৬৩ হাজার ২২০ ভোট।
আসনের ভোটারদের একটি অংশ মনে করছেন, পরাজিত হলেও উল্লেখযোগ্য ভোট পাওয়ায় শিশির মনির স্থানীয় রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।
অন্যদিকে বিজয়ী নাছির চৌধুরী শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সন্তোষ প্রকাশ করে এলাকার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেছেন।
আরও পড়ুন:








