ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ ও ৬ দুটি আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীদের কাছে পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির এবং হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। নির্বাচনে ভরাডুবির পর এবার মুখ খুললেন তিনি। ফয়জুল করিম বলেন, ‘নির্বাচনের আগে ভোটারদের মধ্যে যে আগ্রহ ও উদ্দীপনা দেখেছিলেন, ঘোষিত ফলাফলের সঙ্গে তার কোনো মিল পাচ্ছি না।’
শুক্রবার নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ফয়জুল করিম বলেন, ‘দেশ ও মানবতার কল্যাণের জন্য কাজ করতেছি। এখানে আমি হারা-জিতা বলে আমি কিছু মনে করি না। আমি নির্বাচনের আগে যেই জনগণের থেকে যে অবস্থা জেনেছি, তাদের ভোটের আগ্রহ-উদ্দীপনা কিন্তু আমি নির্বাচনের রেজাল্ট বলে সেটা পাচ্ছি না। কেন যে পাচ্ছি না তা আমি খুঁজে পাচ্ছি না। আমি জানি না কী হয়েছে।’
তিনি বলেন, ‘আমি মনে করি ইসলাম ও দেশ মানবতার কল্যাণের জন্য কাজ করতেছি। এখানে আমি হারা-জিতা বলতে কিছু মনে করি না। আমি মনে করি আমি সবসময় উইন করতেছি। বাহ্যিক দৃষ্টিতে ভালোই লাগছে। কিন্তু নির্বাচনের পরে কিছু শৃঙ্খল মানুষ সমস্যা সৃষ্টি করতেছে, মব সৃষ্টি করতেছে।’
অভিযোগ করে তিনি আরও বলেন, ‘আমাদের শায়েস্তাবাদ, মঞ্জিল ফরাজি, মঞ্জিল ভাইকে কিছু দুষ্কৃতিকারী বিএনপির লোক মারধর করছে। আমাদের তিন নেতাকর্মীকেও আজ মারধর করা হয়েছে। বিএনপিকে অবশ্যই মনে রাখতে হবে মানুষ এই জুলুম-অত্যাচার থেকে নিরাপত্তা চায়, নিস্তার চায়।’
মুফতি ফয়জুল করিম বলেন, ‘যদি কেউ কাউকে সাপোর্টই করতে না পারে, তাহলে নির্বাচন কেন? তাহলে আপনারা গণতন্ত্রের কথা বলেন কেন? কেউ খোদার কথা সাপোর্ট করতেই পারে। কিন্তু দেখা যায় আমাকে সাপোর্ট করার কারণে এবং সেখানে বিজয় হওয়ার কারণে ওই গুন্ডারা ক্ষিপ্ত হইছে, আমরা নেতাকে দেখাতে পারলাম না, আমরা ফাস্ট হতে পারিনি।’
তিনি বলেন, ‘নির্বাচনের আগে যে অবস্থা দেখছি, নির্বাচনের পরের ফলাফলের সঙ্গে তার মিল পাচ্ছি না। এখন সরকার যে ডিক্লার করেছে সেটা ভিন্ন কথা। কিন্তু নির্বাচনের আগে যে পরিবেশ ছিল, ফলাফলের সঙ্গে তার কোনো মিল খুঁজে পাচ্ছে না আমাদের কোনো নেতা বা সাধারণ ভোটার। কী হয়েছে না হয়েছে সেটা সরকার জানে।’
আরও পড়ুন:








