শনিবার

৭ ফেব্রুয়ারি, ২০২৬ ২৫ মাঘ, ১৪৩২

টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে পরিকল্পিতভাবে দূরে রাখা হয়েছে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:৪৬

শেয়ার

টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে পরিকল্পিতভাবে দূরে রাখা হয়েছে: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আয়োজিত টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে পরিকল্পিতভাবে দূরে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

ক্রিকেটপ্রেমীদের আবেগের মূল্যায়ন করে ফেসবুক পোস্টে জামায়াত আমির লেখেন, ‘প্রিয় ক্রিকেটপ্রেমী বন্ধুরা, আজ আইসিসি টি-২০ বিশ্বকাপ শুরু হলো। এমন দিনে স্বাভাবিকভাবেই আমাদের চোখ থাকত টিভি স্ক্রিনে। সবাই অপেক্ষা করতাম টাইগারদের মাঠের লড়াই আর বিজয়ের আনন্দ দেখতে। দুঃখের বিষয়, এই আন্তর্জাতিক মঞ্চে আজ বাংলাদেশের অংশগ্রহণের কথা থাকলেও আমরা সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছি। আমাদের ক্রিকেটারদের সাথে জাতিকেও অপমান করা হয়েছে। লাল-সবুজের হয়ে উল্লাস করার মুহূর্ত থেকে আমাদের পরিকল্পিতভাবে দূরে রাখা হলো।’

ক্রিকেটারদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘প্রিয় ক্রিকেটার ভাইয়েরা, আমি তোমাদের সাথে সমব্যথী। দেশের মর্যাদা, দেশের স্বপ্নের সাথে কোনো আপস নয়। কোনো আধিপত্যবাদী শক্তির কাছে আমরা হার মানতে পারি না। দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশকে আমরা আন্তর্জাতিক ইভেন্টে মর্যাদার আসনে নিয়ে যাব, ইনশাআল্লাহ।’

এ সময় বাংলাদেশ ভবিষ্যতে আন্তর্জাতিক ইভেন্টে মাথা উঁচু করে, গর্ব, শক্তি ও সম্মান নিয়ে ফিরবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।



banner close
banner close