বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা সকল ধর্মের মানুষকে বুকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই। আল্লাহর বিধান কখনো কারও ওপর জুলুম করতে পারে না, জুলুম করার প্রশ্নই উঠে না। এদেশে আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ এদেশে বহু নৃতাত্বিক গোষ্ঠি আছে সাওতাল ভাই বোনেরা আছে, সবাইকে নিয়েই আমাদের বাংলাদেশ। আমরা এই জাতিকে আর বিভক্ত হতে দেব না। আমরা ঐক্যবদ্ধ একটা জাতি নিয়ে এগিয়ে যেতে চাই। এজন্য আমাদের ১১ দলের স্লোগান হচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ। জাতিতে জাতিতে মানুষে মানুষে হিংসা বিদ্বেষ জাগিয়ে রাখতে দেব না।
বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, আমরা চাই, যেখানে আমরা শান্তিতে বসবাস করতে পারবো। আমরা ওই দেশ চাই, যেখানে আমাদের শিশুরা পুষ্টি পেয়ে বড় হবে সুস্বাস্থ্যের সাথে। আর শিক্ষা পেয়ে হবে সুনাগরিক। শিক্ষার পরে তার হাতে মর্যাদার একটা কাজ পাবে ওই দেশটা চাই। আমার মা, আমার স্ত্রী আমার বোন আমার মেয়ে, তারা পাবে নিরাপত্তা এবং মর্যাদা। আল্লাহর দেয়া সমস্ত অধিকার তারা ভোগ করবে। আল্লাহ ছাড়া কাউকে তারা পরোয়া করার প্রয়োজন তারা অনুভব করবে না। ভয় পাবে একমাত্র আল্লাহ তায়ালাকে।
ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ যাকে সম্মান করতে বলেছেন, আমরা তাদের সম্মান করবো। যাকে ভালবাসতে বলেছেন, তাদের সবাইকে ভালবাসবো। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবো না। নারীরাও না পুরুষরাও না। ভয় শুধু আল্লাহ তায়ালার জন্য। কিন্তু একটা ভীতির রাজত্ব ৫৪ বছরে কায়েম করে রাখা হয়েছে। গত জুলাইয়ে যারা লড়াই করে বুক চিতিয়ে জীবন দিয়ে রক্ত দিয়ে পঙ্গুত্ববরণ করে যারা আমাদেরকে জুলাই এনে দিয়েছে, ৩৬ জুলাই তাদের একটা অঙ্গীকার একটা আকাঙ্খা ছিল, তাদের আকাঙ্খা ছিল তারা একটা বৈষম্যহীন ন্যায়বিচারে ভরপুর একটা বাংলাদেশ চায়। এজন্য রাস্তায় নেমে স্লোগান দিয়েছে মাত্র একটা। বলেছে, উই ওয়ান্ট জাসটিস। আমরা ন্যায়বিচার চাই। ন্যায়বিচার সমাজে যখন কায়েম হবে, তখন সকলেই তার পাওনাটা পেয়ে যাবে। সেই ন্যায়বিচার কে দিবে, কোথা থেকে দিবে, সেই ন্যায়বিচার দিবে যারা বিচারকে সম্মান করে, আর সেই বিচারের উৎস হলো, আল্লাহর বিধান। আল্লাহর বিধানকে বাদ দিয়ে কখনো কোনেদিন ন্যায়বিচার কায়েম হয়নি, হওয়া সম্ভব নয়।
জনসভা ঘিরে কানায় কানায় পূর্ণ হয় মাদরাসা মাঠ। প্রায় ৬০ হাজার নারী কর্মীসহ দেড় লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। রাজশাহীর ৬টি আসনে ১১ দলীয় জোট মনোনীত এমপি প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা তুলে দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এর আগে সকালে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ এবং দুপুরে রাজশাহীর গোদাগাড়িতে জনসভায় বক্তব্য দেন।
আরও পড়ুন:








