কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজটি অপসারণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে লক্ষাধিক ফলোয়ারসমৃদ্ধ পেজটি সম্প্রতি মেটা কর্তৃপক্ষ রিমুভ করে দেয়। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানা যায়, মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেইজ গত কয়েকদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিত ভুয়া কপিরাইট স্ট্রাইক ও সাইবার আক্রমণ করে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা কর্তৃপক্ষ সাময়িকভাবে পেইজটি অপসারণ করেছে। এটি কোনো নীতিমালা লঙ্ঘনের কারণে নয়। বরং উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অভিযোগ ও ভুয়া রিপোর্টিংয়ের কারণে ফেসবুক পেজটি রিমুভ করে মেটা।
এ বিষয়ে মুফতি আমির হামজার ঘনিষ্ঠরা জানান, চলমান নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে মুফতি আমির হামজার জনপ্রিয়তা ও গণসংযোগ কার্যক্রমে বাধা সৃষ্টি করতেই একটি চক্র সংঘবদ্ধভাবে তার ফেসবুক আইডি রিপোর্ট করে বন্ধ করিয়ে দেয়। ফলে দীর্ঘদিন ধরে ব্যবহৃত আইডিটি বর্তমানে খুঁজে পাওয়া যাচ্ছে না।এটি একটি পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্য, কর্মসূচি ও ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে প্রচারণা সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলছিল। এতে প্রতিপক্ষ রাজনৈতিক গোষ্ঠী উদ্বিগ্ন হয়ে এ ধরনের ডিজিটাল হামলার পথ বেছে নিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম একটি গুরুত্বপূর্ণ প্রচারণা মাধ্যম। এমন অবস্থায় কোনো প্রার্থীর আইডি বন্ধ করে দেয়া মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ এবং গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি।
এদিকে বিষয়টি নিয়ে সাধারণ ভোটারদের মধ্যেও ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তারা মনে করছেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা হবে আদর্শ ও কর্মসূচির মাধ্যমে, ডিজিটাল ষড়যন্ত্রের মাধ্যমে নয়।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সমর্থকরা দ্রুত প্রশাসনের কাছে ব্যাবস্থা গ্রহনের দাবি জানিয়েছে। একই সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যে ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার বন্ধে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা কামনা করেছেন তারা।
মুফতি আমির হামজার আইটি টিম জানান, ভুয়া কপিরাইট স্ট্রাইকের মাধ্যমে পরিকল্পিত সাইবার হামলার শিকার আমির হামজা। তার অফিসিয়াল ফেসবুক পেইজ সাময়িকভাবে অপসারণ করেছে মেটা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। মানুষের ভালোবাসা, সমর্থন ও ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চিহ্নিত মহল এই ন্যাক্কারজনক কাজটি করেছে। তবে আমরা স্পষ্ট করে বলতে চাই, ফেসবুক থেকে একটি পেইজ সরিয়ে দিলেও মানুষের হৃদয় থেকে আমির হামজাকে সরানো যাবে না। ইতোমধ্যে পেইজ পুনরুদ্ধারের জন্য মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় সকল তথ্য ও প্রমাণ উপস্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে। ভুয়া আইডি, গুজব ও বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হয়ে ধৈর্য ও সচেতনতা বজায় রাখুন। ইনশাআল্লাহ, সত্যের বিজয় হবেই।
আরও পড়ুন:








