আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নাগরিকদের জন্য সঠিক, নির্ভরযোগ্য তথ্য দিতে হেল্পলাইন নম্বর চালু করেছে নির্বাচন কমিশন। এটুআই এর ন্যাশনাল হেল্পলাইন ৩৩৩ এর মাধ্যমে এই বিশেষ তথ্যসেবা চালু করা হয়েছে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। তারা জানিয়েছে, এ উদ্যোগের উদ্দেশ্য নির্বাচনপ্রক্রিয়াকে আরও স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও নাগরিকবান্ধব করা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের যে কোনো মোবাইল অপারেটর থেকে টোল ফ্রি নম্বর ৩৩৩-তে কল করে ৯ প্রেসের মাধ্যমে নাগরিকরা সহজেই নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাবেন। এ সেবার আওতায় ভোটাররা ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি, ভোটকেন্দ্রের অবস্থান, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য, নির্বাচনকালীন আচরণবিধি, প্রবাসী ভোটারদের ভোট প্রদানের নিয়ম, প্রতিবন্ধী, প্রবীণ ও নারী ভোটারদের জন্য বিশেষ সুবিধার বিষয়ে তথ্য পাবেন।
পাশাপাশি জরুরি নির্দেশনা ও প্রয়োজনীয় যোগাযোগ নম্বর সম্পর্কে জানতে পারবেন। এছাড়া নির্বাচন কমিশনের নির্ধারিত অ্যাপ ব্যবহারের পদ্ধতি সম্পর্কেও বিস্তারিত তথ্য মিলবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৬ জানুয়ারি থেকে পাইলট আকারে চালু হওয়া এই বিশেষ সেবার মাধ্যমে এরই মধ্যে ১,৬৪৩ জন নাগরিক তথ্য ও সহায়তা নিয়েছেন।
আরও পড়ুন:








