বুধবার

৪ ফেব্রুয়ারি, ২০২৬ ২২ মাঘ, ১৪৩২

প্রায় দুই দশক পর বগুড়ায় তারেক রহমান, মানবিক আয়োজন শেষে রংপুরের পথে রওনা

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:৪৭

শেয়ার

প্রায় দুই দশক পর বগুড়ায় তারেক রহমান, মানবিক আয়োজন শেষে রংপুরের পথে রওনা
ছবি: বাংলা এডিশন

প্রায় দুই দশক পর নিজ জেলা বগুড়ায় ফিরে মানবিক কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান রংপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

শুক্রবার বগুড়া শহরের হোটেল নাজ গার্ডেনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের জন্য আয়োজিত এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে তিনি রংপুরের পথে যাত্রা করেন।

বিএনপি চেয়ারপারসনের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও কিশোরদের কণ্ঠে পরিবেশিত দেশাত্মবোধক মনোমুগ্ধকর গান উপভোগ করেন তারেক রহমান ও ডা. জোবাইদা রহমান। একই সঙ্গে শিশু-কিশোররা তাদের জীবনসংগ্রাম ও নানা সমস্যার কথা তুলে ধরলে তা মনোযোগ দিয়ে শোনেন অতিথিরা।

বেলা ১২টার দিকে নাজ গার্ডেনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত শিশু-কিশোর ও তাদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন ডা. জোবাইদা রহমান ও তারেক রহমান। এ সময় বিশেষ চাহিদাসম্পন্ন ১০ জন শিশুকে হুইলচেয়ার উপহার দেওয়া হয়। তারেক রহমানের আন্তরিকতা ও মানবিক আচরণে উপস্থিত অভিভাবক ও অতিথিরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

বগুড়ায় প্রথমবারের মতো বক্তব্য রাখতে গিয়ে ডা. জোবাইদা রহমান আগামীর বাংলাদেশ নিয়ে তাঁদের সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, দেশের উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিএনপি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সব শ্রেণি ও পেশার মানুষ সম্মানের সঙ্গে বাঁচতে পারবে এবং প্রত্যেকে তার ন্যায্য অধিকার নিশ্চিত পাবে।”

অনুষ্ঠান শেষে তারেক রহমান নিজ হাতে গড়া বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে নামাজ আদায় করেন। পরে তিনি মহাস্থানগড়ে শাহ বলখী মাহী সাওয়ার (রহ.)-এর মাজার জিয়ারত শেষে রংপুরের উদ্দেশ্যে রওনা হন।



banner close
banner close