বুধবার

৪ ফেব্রুয়ারি, ২০২৬ ২২ মাঘ, ১৪৩২

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:০৮

শেয়ার

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার দিবাগত রাতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়।

ডিএমপির ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

এর আগে রাত ১২টার দিকে জামায়াত ইসলামীর আমিরের এক্স হ্যান্ডেল হ্যাককারীকে ধরতে রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামের পূর্বপাশের সরকারি কোয়ার্টারে অভিযান চালায় ডিবি পুলিশ। পরে সেখান থেকে মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করা হয়।

প্রসঙ্গত, গত শনিবার রাতে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়। এরপর হ্যাকার সেখানে কর্মজীবী নারীদের নিয়ে একটি আপত্তিকর মন্তব্য করে, যেটিকে দলের আমিরের আদর্শের সাথে সাঙ্ঘর্ষিক বলে দাবি করে দলটি। এরপর ওই পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে দলের সাইবার টিম অ্যাকাউন্টটি উদ্ধার করে ওই পোস্ট সরিয়ে নেয়। পরে জামায়াত বিবৃতি দিয়ে জানায়, সাইবার হামলা করে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়েছে এবং জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।



banner close
banner close