রাজনীতিতে সহিংসতা বর্জন করে সৃজনশীল ও বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতার সংস্কৃতি গড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে দেশের মানুষের সেবায় নতুন আইডিয়া বা ধারণা নিয়ে গঠনমূলক বিতর্কে লড়ার প্রস্তাব দেন।
তিনি বলেন, আমি আমার প্রতিপক্ষদের স্বাগত জানাই। আসুন, আমরা ভাবনার লড়াইয়ে প্রতিযোগিতা করি- কে এই দেশের মানুষকে আরও ভালোভাবে সেবা দিতে পারে, তা দেখার জন্য। আসুন, নীতিমালা নিয়ে বিতর্ক করি, মানুষের কথা শুনি এবং বাংলাদেশের মানুষের জন্য সর্বোত্তম নীতিমালা প্রণয়ন করি।
জামায়াতে ইসলামীর আমির বলেন, জামায়াত প্রতিদিনের সম্পৃক্ততার মাধ্যমে আলোচনা ও শোনার এক ভিন্ন ধারার পথ দেখাচ্ছে। মানুষ অতীতেও সহিংসতা প্রত্যাখ্যান করেছে, এখনও করছে এবং ভবিষ্যতেও করবে। এভাবেই বাংলাদেশ এগিয়ে যায়। তার এই পোস্ট শেয়ার দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম লিখেছেন, ‘ডাকসু এটা (বিতর্ক) আয়োজনে আগ্রহী।’
যদিও জামায়াত আমির আসলে কোন ফরম্যাটে এই বিতর্ক আয়োজনের কথা বলেছেন, সে বিষয়ে পোস্টে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। এখনো অন্য রাজনৈতিক দলগুলোও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচনের আগে ভোটারদের মন জয় করতে প্রার্থীদের বিভিন্ন ধরনের বিতর্কসভায় অংশ নিতে দেখা যায়। সেখানে তারা নিজেদের পলিসিগুলো যেমন ভোটারদের সামনে উপস্থাপন করেন, তেমনি প্রতিপক্ষের ভুলগুলোও ধরিয়ে দেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে এখন প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা।
আরও পড়ুন:








