নির্বাচন-পূর্ব আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধের অভিযোগে পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
বৃহস্পতিবার পটুয়াখালীর দশমিনায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অবস্থিত কমিটির অস্থায়ী কার্যালয় থেকে এ নোটিশ জারি করা হয়। এতে স্বাক্ষর করেন কমিটির সদস্য ও সিভিল জজ সাব্বির মো. খালিদ।
নোটিশ সূত্রে জানা যায়, অ্যাডভোকেট এনামুল হকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে নুরুল হক নূরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুন সম্পর্কে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগ আনা হয়েছে।
অভিযোগে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা–২০২৫ এর ১৫(ক) ও ১৬(গ) ও (ছ) ধারার লঙ্ঘনের কথা উল্লেখ করা হয়।
এছাড়া অভিযোগে বলা হয়, গত ২৬ জানুয়ারি রাতে দশমিনা উপজেলার চরবোরহান এলাকার পাগলা বাজার সেন্টারে অবস্থিত স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুনের নির্বাচনী কার্যালয়ে নুরুল হক নূরের অনুসারী কর্মী-সমর্থকেরা ভাঙচুর চালায় এবং এতে তার কয়েকজন সমর্থক আহত হন। এ ঘটনাকে আচরণবিধিমালার ৬(ক) ধারার পরিপন্থী হিসেবে উল্লেখ করা হয়েছে।
নোটিশে আগামী ৩ ফেব্রুয়ারি সকাল ১১টা ৩০ মিনিটে সংশ্লিষ্ট কার্যালয়ে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা প্রদান না করলে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণসহ নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
এদিকে নোটিশটি দ্রুত জারি করে জারী প্রতিবেদন আদালতে পাঠানোর জন্য দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে নুরুল হক নূরের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন:








