শনিবার

৪ জুলাই, ২০২৬ ২০ আষাঢ়, ১৪৩৩

দিল্লি, পিন্ডি কিংবা লন্ডন থেকে দেশ পরিচালনা চলবে না: ডা. খালিদুজ্জামান

তানজিম হাসান

প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৫ ১২:৪৩

শেয়ার

দিল্লি, পিন্ডি কিংবা লন্ডন থেকে দেশ পরিচালনা চলবে না: ডা. খালিদুজ্জামান
ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে ঢাকা-১৭ আসনের উদ্যোগে আয়োজিত গণমিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতারা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। বৃহস্পতিবার এই কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-১৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান বলেন, দেশের তরুণ প্রজন্ম হানাহানি, মারামারি ও চাঁদাবাজির রাজনীতি আর চায় না। তারা জনগণের কল্যাণে পরিচালিত রাজনীতি প্রত্যাশা করে। তার দাবি, জামায়াতে ইসলামী সেই গণমুখী রাজনীতি করেই মানুষের সমর্থন পাচ্ছে।

ডা. খালিদুজ্জামান আরও বলেন, গত ১৭ বছর জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলো। তফসিল ঘোষণার মাধ্যমে ভোটারদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে এবং তারা এবার উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি দাবি করেন, অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে, এবং এই অধিকার কেউ আর ছিনিয়ে নিতে পারবে না।

বিএনপি জোট মনোনীত প্রার্থী আন্দালিব রহমান পার্থকে উদ্দেশ্য করে তিনি বলেন, পার্থ মনগড়া বক্তব্য দিচ্ছেন এবং ভোটাররা তা প্রত্যাখ্যান করেছেন। তার বক্তব্যে তিনি আরও যোগ করেন, ঢাকা-১৭ আসনের ভোটাররা আগামী নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকেই ভোট দেবেন এবং নতুন কোনো চাঁদাবাজকে ক্ষমতায় দেখতে চান না। তিনি আশা প্রকাশ করেন, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জনগণ একটি আধুনিক, উন্নত ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে।

গণমিছিলে সভাপতিত্ব করেন ঢাকা-১৭ আসনের নির্বাচন সমন্বয়ক ডা. আসাদুজ্জামান কাবুল এবং সঞ্চালনা করেন আসনের সদস্য সচিব মিজানুর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালক হেদায়েত উল্লাহ। এ ছাড়া উপস্থিত ছিলেন গুলশান পশ্চিম থানার আমীর মাহমুদুর রহমান আজাদ, গুলশান পূর্ব থানার আমীর জিল্লুর রহমান, ক্যান্টনমেন্ট থানার আমীর আব্দুস সাকী, ভাষানটেক থানার আমীর ডা. আহসান হাবীবসহ অন্যান্য নেতাকর্মীরা।



banner close
banner close