রবিবার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, প্রশাসনে ভাগাভাগি চলছে: হাসনাত আবদুল্লাহ

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৫ ১১:২৬

শেয়ার

নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, প্রশাসনে ভাগাভাগি চলছে: হাসনাত আবদুল্লাহ
ছবি: বাংলা এডিশন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ এখন আর রাজনৈতিক দল নয়, এটি একটি ফ্যাসিস্ট সংগঠন। যদি তাদের জনগণের সমর্থন থাকত, তাহলে পালিয়ে যেতে হতো না, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করতে হতো না, এমনকি ডামি নির্বাচন আয়োজনেরও প্রয়োজন পড়ত না।

শুক্রবার বিকেলে ঝালকাঠি শহরের ফাতেমা কনভারসেশন হলে অনুষ্ঠিত জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাইনুল ইসলাম মান্না।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ফ্যাসিস্ট শাসনের সময় বিএনপি, ছাত্রদল বা ছাত্রশিবিরের নেতা-কর্মীরা গুম ও খুনের শিকার হলেও অনেক সাংবাদিক, বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক কর্মীযারা অতীতে আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন, তারা তখন মানবতার কথা বলেননি।’

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘সংস্কারের পক্ষে থাকা রাজনৈতিক শক্তিরাই আগামী সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। আমরা সংস্কারের শক্তিগুলোর সঙ্গে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব।’

বর্তমান প্রশাসনিক পরিস্থিতি নিয়ে তিনি অভিযোগ করে বলেন, ‘সচিবালয় থেকে শুরু করে ডিসি, এসপি, ইউএনও, এসিল্যান্ড সব জায়গায় ভাগাভাগি চলছে। বড় রাজনৈতিক দলগুলো প্রশাসনকে নিজেদের অনুকূলে নিতে ব্যস্ত, আর নির্বাচন কমিশনও নিরপেক্ষ নয়।’

তিনি দাবি করেন, ‘নির্বাচন কমিশনের ভোটার তালিকায় দেড় কোটি মৃত ভোটারের নাম রয়েছে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে মৃত ব্যক্তিদের ভোট দেওয়া হয়েছে, এমন তথ্য বিভিন্ন গণমাধ্যমেও এসেছে।’

এনসিপি নেতা আরও বলেন, ফ্রি ও ফেয়ার নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। নির্বাচন কমিশনকে ব্যক্তির ইচ্ছায় নয়, নীতির ভিত্তিতে পরিচালিত হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকেও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, কারণ দেশের মানুষ সুষ্ঠু ভোটের অপেক্ষায় আছে।

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা ভোট চাইব সেই নাগরিকদের কাছে, যারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, যারা অপরাধে বা গুম-খুনে সম্পৃক্ত নয়। নতুন বাংলাদেশ গঠনে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকেই একসাথে কাজ করতে হবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও বিভাগীয় সংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম সদস্যসচিব মশিউর রহমান ও মাহমুদা মিতু, মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন প্রমুখ।



banner close
banner close