সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৪ ফাল্গুন, ১৪৩২

কুষ্টিয়ায় ছয় হত্যা মামলা; হানিফসহ চার জনের অভিযোগ গঠনের শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৫ ১০:০৬

আপডেট: ২৭ অক্টোবর, ২০২৫ ১০:১৭

শেয়ার

কুষ্টিয়ায় ছয় হত্যা মামলা; হানিফসহ চার জনের অভিযোগ গঠনের শুনানি আজ
হানিফ,অভিযোগ

জুলাই-আগস্ট আন্দোলন চলাকালীন কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি সোমবার।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-দুই এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হওয়ার কথা রয়েছে। অন্য দুই সদস্য হলেন, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিন প্রথমেই হানিফসহ পলাতক চার আসামির বিরুদ্ধে আনা সুনির্দিষ্ট অভিযোগ গঠনের ওপর শুনানি করবেন প্রসিকিউশন। এরপর বিচারের আবেদন জানাবেন। তবে তাদের পক্ষে নিয়োগ দেয়া স্টেট ডিফেন্স আইনজীবীর বক্তব্য না থাকলে পরবর্তী আদেশ বা সিদ্ধান্ত দেবেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের পক্ষে এমনটিই জানানো হয়েছে।

গত ২৩ অক্টোবর হানিফসহ চারজনকে গ্রেপ্তারের মাধ্যমে ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিলো। তবে পলাতক থাকায় আইনানুযায়ী তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেন ট্রাইব্যুনাল-দুই। একইসাথে অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য সোমবার দিন নির্ধারণ করা হয়।

অন্য তিন আসামি হলেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।



banner close
banner close