রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৪ ভাদ্র, ১৪৩৩

বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ ধারণ করে সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৫ ০৯:৪৬

শেয়ার

বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ ধারণ করে সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ ধারণ করে সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের নেতা সোমনাথ দে, কপিল কৃষ্ণ মণ্ডল ও সমেন সাহার নেতৃত্বে ৫০ জন তার হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেয়ার সময় এ কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা কোনো বিভাজনে বিশ্বাসী নই, সব ধর্মের মানুষকে সঙ্গী করে অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলাই বিএনপির দর্শন।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আমাদের নেত্রী খালেদা জিয়া ২০১৬ সালেই রেইনবো স্টেটের বিষয়ে বলেছেন। যেখানে সব ধর্ম, মত ও পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে।’

তিনি বলেন, ‘দেশে অনেক বিভাজন-ভুল বোঝাবুঝির সৃষ্টি করা হয়েছে। রাষ্ট্র কাঠামো ভেঙে ফেলেছে আওয়ামী লীগ সরকার। কিন্তু মানুষ প্রতিশোধ ও প্রতিহিংসার চিত্র দেখতে চায় না, ঐক্যের রাজনীতি সৃষ্টি করাই মূল কথা।’

বর্তমানে বাইরের কিছু দেশ মিডিয়া ব্যবহার করে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘জাতিগত অবস্থান, ভূরাজনৈতিক প্রেক্ষাপট এবং বিভিন্ন কারণে দেশে অনেক বিভাজনের সৃষ্টি করা হয়েছে। এ অবস্থা থেকে অনেকেই ফায়দা নেয়ার চেষ্টা করেছে।’