বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ‘জামায়াতে ইসলামী সুখি-সমৃদ্ধ মানবিক কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায়, যেখানে ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে।’
তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়তে চান যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না; দলমত, ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে সবাই নাগরিক হিসেবে সমান অধিকার ও মর্যাদা পাবে। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কোনো বৈষম্য থাকবে না।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর হাইস্কুল মাঠে আয়োজিত এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম বুলবুল বলেন, যুবকরাই জাতির ভবিষ্যৎ। অতীতের সরকারগুলো যুব সমাজকে কেবল রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, কিন্তু তাদের কল্যাণে কোনো কাজ করেনি। বরং মাদক ও অস্ত্রের মাধ্যমে যুব সমাজকে ধ্বংস করেছে। অথচ ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে যুব সমাজের ভূমিকা ছিল অনন্য।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী যে ৫ দফা দাবি উত্থাপন করেছে— ‘জুলাই সনদের আইনি ভিত্তি’, ‘পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন’, ‘লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ’, ‘ফ্যাসিস্ট সরকারের জুলুম-দুর্নীতির বিচার’, এবং ‘স্বৈরাচারের দোসর ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ।’ এসব কৃষক, শ্রমিক, ছাত্র-জনতা ও মেহনতি মানুষের দাবি। এই দাবিগুলো বাস্তবায়িত হলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হবে এবং একটি শোষণমুক্ত সমাজ গড়ে উঠবে।
তিনি আহ্বান জানান, ৫ দফা দাবি বাস্তবায়নে যুব সমাজকে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। বুলবুল আরও বলেন, ‘আমীরে জামায়াত ঘোষণা দিয়েছেন— ক্ষমতায় গেলে শুধুমাত্র সার্টিফিকেট নয়, শিক্ষা শেষেই চাকরি নিশ্চিত করা হবে। কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব শূন্যের কোটায় নামিয়ে আনা হবে।’
সভায় সভাপতিত্ব করেন দেবীনগর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোর্শেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মো. মোখলেশুর রহমান এবং সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা, উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আরও পড়ুন:








