রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৫ ভাদ্র, ১৪৩৩

বরাদ্দের আগেই শাপলা প্রতীকে দেয়ালে দেয়ালে এনসিপির মনোনয়ন প্রত্যাশীর পোস্টার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫ ১১:৪০

শেয়ার

বরাদ্দের আগেই শাপলা প্রতীকে দেয়ালে দেয়ালে এনসিপির মনোনয়ন প্রত্যাশীর পোস্টার
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন দলীয় প্রতীক বরাদ্দ দেয়ার আগেই রংপুরের পীরগঞ্জ-রংপুর আসনে শাপলা প্রতীকে সমর্থন ও দোয়া চেয়ে দেয়ালে দেয়ালে পোস্টার সাঁটিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন প্রত্যাশী তাকিয়া জাহান চৌধুরী নামে এক নারী।

জানা গেছে,‌‌‌‌‌‌‌ পছন্দের প্রতীক পেতে নির্বাচন কমিশনের সঙ্গে চলছে এনসিপির টানাপোড়েন। এরমধ্যে শাপলা প্রতীক সম্বলিত পোস্টার সাঁটিয়ে নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন তিনি।

তাকিয়া জাহানের দাবি, নির্বাচন কমিশনের সঙ্গে প্রতীক নিয়ে বিতর্কের আগে শাপলা প্রতীক সম্বলিত পোস্টার ছাপানো হয়েছিল। এগুলো ভুলক্রমে সাঁটানো হয়েছে।

জেলার পীরগঞ্জ উপজেলা এলাকায় তাকিয়া জাহান চৌধুরীর ছবি ও শাপলা প্রতীক সম্বলিত অসংখ্য সাঁটানো পোস্টার দেখা গেছে।

তাকিয়া জাহান চৌধুরী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। চব্বিশের পাঁচ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি এনসিপির রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছেন।

এই আসনে এনসিপির প্রার্থী হয়ে নির্বাচনের অংশ নিতে তার আগ্রহের কথা দলের উচ্চপর্যায়ের নেতারা জানেন এবং এনসিপির হয়ে তাকে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানান তাকিয়া জাহান।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, তাকিয়া জাহান দলীয় কোনো পদে না থাকলেও দলটির রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। এ ছাড়া দলের মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।