রবিবার

৫ জুলাই, ২০২৬ ২১ আষাঢ়, ১৪৩৩

জামায়াতের পাঁচ দফা দাবিতে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ: মাও. আবুল কালাম আজাদ

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫ ২০:১০

শেয়ার

জামায়াতের পাঁচ দফা দাবিতে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ: মাও. আবুল কালাম আজাদ
ছবি; বাংলা এডিশন

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে নির্বাচনসহ ৫ দফা দাবিতে শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় শহীদ হাদিস পার্কে খুলনা মহানগরী ও জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। দাবিসমূহ হলো, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন আয়োজন, উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ প্রধান অতিথির বক্তৃতায় বলেন, শুধু জুলাই সনদের উপর নির্ভরশীল, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক (পিআর পদ্ধতিতে) নির্বাচন ছাড়া দেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব নয় এবং তাঁরা শান্তিপূর্ণভাবে তাদের পাঁচ দফা দাবী বাস্তবায়নের জন্য আন্দোলন চালিয়ে যাবেন।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের আইনী ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ জামায়াতের ৫ দফা দাবিতে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। ইতোমধ্যে এসব দাবিতে দেশের অন্যান্য রাজনৈতিক দলও যুগপৎ কর্মসূচী পালন করছে। এরকম গণদাবি উপেক্ষা করে জাতীয় নির্বাচন আয়োজন জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পরিপন্থি। একটি দল ও তাদের সাথে থাকা ক্ষুদ্র কয়েকটি দল এসব দাবি উপেক্ষা করে যেনতেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে উঠে পড়ে লেগেছে। আমরাও ফেব্রুয়ারীতে নির্বাচনের পক্ষে। কিন্তু এর আগেই জাতি সংস্কার কার্যক্রমের দৃশ্যমান বাস্তবায়ন দেখতে চায়। অন্তবর্তী সরকারকে জনমতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ৫ দফা দাবীর গুরুত্ব উপলব্ধি করে কার্যকর উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, চব্বিশের ৫ আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে ইতিবাচক রাজনৈতিক সুচনা হয়েছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের আগেই দেশে ফের পেশী শক্তির প্রদর্শন শুরু হয়েছে। যা দেশে পুরনো ফ্যাসিবাদী কায়দায় নীল নকশার নির্বাচনের আয়োজনের ষড়যন্ত্র বলে প্রতীয়মান হচ্ছে। জাতির পক্ষ থেকে আমাদের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে নির্বাচনের আগেই জুলাই সনদের আইনী ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এছাড়া আওয়ামী ফ্যাসিবাদী আমলের সংঘটিত সকল গণহত্যার বিচার দৃশ্যমান, বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাঁবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাস্টার শফিকুল আলম। বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, মুন্সি মিজানুর রহমান, মাওলানা শেখ মো. আবু ই্উসুফ, মুন্সি মঈনুল ইসলাম, আজিজুল ইসলাম ফারাজী, আরাফাত হোসেন মিলন, ইলিয়াস হোসাইন এবং মাওলানা আবু বকর সিদ্দিক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, মহানগরী অফিস সেক্রেটারি মিম মিরাজ হোসাইন, এডভোকেট শফিকুল ইসলাম লিটন, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহিদুল ইসলাম, খালিশপুর থানা আমীর আব্দুল্লাহ আল মামুন, হরিণটানা থানা আমীর আব্দুল গফুর, দৌলতপুর থানা আমীর মুশাররফ আনসারী, আড়ংঘাটা থানা আমীর মুনাওয়ার আনসারী, লবণচরা থানা আমীর মোজাফফর হোসেন, খুলনা সদর থানা সেক্রেটারি আব্দুস সালাম, সোনাডাঙ্গা থানা সেক্রেটারি মাওলানা জাহিদুর রহমান নাঈম, খালিশপুর থানা সেক্রেটারি আব্দুল আওয়াল, দৌলতপুর থানা সেক্রেটারি মাওলানা মহিউদ্দীন, আড়ংঘাটা থানা সেক্রেটারি শেখ মো. তুহিন, হরিণটানা থানা সেক্রেটারি এডভোকেট ব ম মনিরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান ও কাজী মাহফুজুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের আইনী ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, অতীতের অভিযোগগুলোর বিচার ও নির্দিষ্ট দলগুলোর কার্যক্রম নিয়ে কড়াকড়ি দাবি পুনরায় জোর দিয়ে বলেন, যদি দাবিগুলো মানা না হয়, তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশ শেষে শহীদ হাদিস পার্ক থেকে গণ মিছিল শুরু হয়। মিছিলটি পিকচার প্যালেস মোড়, ডাকবাংলো, ফেরীঘাট, পাওয়ার হাউজ, সঙ্গিতা হয়ে শিববাড়ি মোড়ে শেষ হয়। হাজার হাজার সমর্থক জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে এ মিছিলে অংশগ্রহণ করেন।



banner close
banner close