ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে আওয়ামী লীগ ও হাসিনাকে কড়া ভাষা ব্যবহার করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শনিবার দুপুরে শহরের ট্যাংকেরপাড় মাঠে জেলা বিএনপির আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘রক্তপিপাসু হাসিনা গত ১৭ বছর ধরে গণতন্ত্রের গলায় পা দিয়ে শ্বাসরুদ্ধ করে রেখেছিল। কোমলমতি শিশু থেকে শুরু করে হাজার হাজার মানুষের রক্ত পান করেছে এই ফ্যাসিবাদী শাসক।’
তিনি আরও বলেন, ‘দেশের শিক্ষিত, মেহনতি ও ভদ্র সমাজ বিএনপির সদস্য হবে। তবে কোনো চাঁদাবাজ বা দখলবাজ দলে প্রবেশ করতে পারবে না। যারা গণতন্ত্রের গলায় পা দিয়ে জনগণকে শ্বাসরুদ্ধ করেছে, তারা বিএনপির সদস্য হতে পারবে না। বিএনপির সদস্য হবে সমাজের গুণীজন।’
এ সময় হাসিনার কঠোর সমালোচনা করে রিজভী বলেন, ‘৩০ লাখ মা-বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত এদেশকে খুঁটে খুঁটে খেয়েছে শেখ হাসিনা। তাকে জনগণ প্রত্যাখ্যান করেছে। এখন বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে হবে।’
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। এ সময় কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, নির্বাহী সদস্য আহসান উদ্দিন খান শিপন, সাঈদুল হক সাঈদ, মোহাম্মদ শামীম আহমেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








