জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, টেকসই পরিবর্তন নিশ্চিত করতে হলে নতুন করে সংবিধান রচনা করতে হবে। এ কাজের জন্য গণপরিষদ নির্বাচন অপরিহার্য। তবে এ বিষয়ে কিছু মহলের বাধার কারণে সংশয় তৈরি হচ্ছে।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, “মৌলিক সংস্কারের রূপরেখায় আমরা বারবার গণপরিষদ নির্বাচনের কথা বলেছি। নির্বাচন যেকোনো সময় হতে পারে, তবে এর ধরন নির্দিষ্ট করা জরুরি। ফ্যাসিবাদী সংবিধান দিয়ে নির্বাচন হলে আবারও স্বৈরাচার মাথাচাড়া দেবে। তাই নতুন সংবিধান বাস্তবায়নের পরই নির্বাচন হওয়া উচিত। অন্যথায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না।”
তিনি অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়ন ও নতুন সংবিধান নিয়ে বিএনপির আপত্তি রয়েছে। এতে তাদের সংস্কার বাস্তবায়নের আগ্রহ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। “বিএনপি প্রতারণার পথে এগোচ্ছে কি না সেই প্রশ্নও সামনে আসছে,” মন্তব্য করেন তিনি।
নতুন সংবিধানে সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত হলে তা আদালতে চ্যালেঞ্জ করা যাবে না বলেও দাবি করেন এনসিপির এই নেতা।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, “এই সনদে ক্ষমতার ভারসাম্য এনে বিকেন্দ্রীকরণ নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এর বাস্তবায়ন প্রক্রিয়া পরিষ্কার নয়। সংসদ কাঠামো, উচ্চকক্ষ, রাষ্ট্রপতির ক্ষমতা, নারী নেতৃত্বসহ নানা বিষয় পরবর্তী দলের হাতে ছেড়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এতে টেকসই সংস্কার বাস্তবায়ন সম্ভব হবে না।”
আরও পড়ুন:








