বুধবার

১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৬ ফাল্গুন, ১৪৩২

৭২-এর সংবিধান বাতিল করে নতুন সংবিধান করতে হবে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৫ ১৯:৪৯

শেয়ার

৭২-এর সংবিধান বাতিল করে নতুন সংবিধান করতে হবে: নাহিদ ইসলাম
ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৭২ এর মুজিববাদী সংবিধানের কবর রচনা করে নতুন বাংলাদেশের রাষ্ট্রপরিচালনায় নতুন সংবিধান রচনা করতে হবে। ৭২ এর সংবিধানে দেশের সকল জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি। বাঙালী জাতীয়তাবাদের নামে এখানে অবাঙালীদের সঙ্গে বিভেদ তৈরি করে রাখা হয়েছে। ধর্মনিরপেক্ষতার নামে ইসলামের সাথে অন্যধর্মের বিভেদ তৈরি করে রাখা হয়েছে।

রোববার দুপুরে রাঙ্গামাটির বনরুপায় আয়োজিত এক পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। এর আগে তিনি কাউখালী উপজেলার বেতবুনিয়া, ঘাগড়া ও রাঙ্গুনিয়ার রানীরহাট বাজার এলাকায় পথ সভায় বক্তব্য রাখেন।

তিনি বলেন, আমরা সকল বিভেদের ঊর্ধ্বে রেখে সকল জনগোষ্ঠীর মর্যাদা দিয়ে নতুন সংবিধান তৈরি করতে চাই। আমরা চাই মুজিববাদী সংবিধানকে বাতিল করে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান তৈরির জন্য সকলে মিলে নতুন একটি চুক্তিতে উপনীত হই যাতে পাহাড় ও সমতলের অধিকার নিশ্চিত হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, এনসিপি এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চায়, যে রাষ্ট্রব্যবস্থায় বহু জাতিগোষ্ঠী, ভাষা ও সংস্কৃতির সম্মিলন থাকবে। সেখানে সব নাগরিকের অধিকার ও মর্যাদার কোনো বৈষম্য থাকবে না। সে জন্য একটি নতুন সংবিধান তৈরি করতে হবে।

এনসিপির নেতারা রবিবার দুপুরে রাঙ্গামাটি শহরে এসে পৌঁছান। এরপর জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে পদযাত্রা শুরু হয়। শহরের প্রধান সড়ক হয়ে বনরুপা সিএনজি চত্বরে এসে পদযাত্রা শেষ হয়। পরে সেখানে শুরু হয় পথসভা। এই পদযাত্রা ও পথসভাকে ঘিরে রাঙ্গামাটি জেলার প্রবেশপথ কাউখালীর বেতবুনিয়া থেকে শুরু করে পুরো রাঙ্গামাটি শহরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের মধ্য দিয়ে ঘণ্টাব্যাপী পথ সভা অনুষ্ঠিত হয়।

নাহিদ ইসলাম তার বক্তব্যে আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে নানা বিভাজন নানা অশান্তি জিইয়ে রেখে একটি পক্ষ বার বার সুবিধা নেওয়ার চেষ্টা করছে। আমরা এই পক্ষকে আর সুবিধা নিতে দেব না। আমরা নিজেরা বা কোন সম্প্রদায়ের মধ্যে কোন সমস্যা থাকলে তা আমরা নিজেরাই বসে সমাধান করবো। তিনি আরও বলেন, এনসিপি জাতীয় সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখণ্ডতায় প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য সব বিভাজন দূর করে আলাপ-আলোচনার মাধ্যমে সবার অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করা হবে।

পথ সভায় স্বাগত বক্তব্য এনসিপির রাঙ্গামাটি জেলার প্রধান সমন্বয়ক বিপিন জ্যোতি চাকমা। এতে আরও বক্তব্য রাখেন, এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, ডা. তাসনীম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এতে উপস্থিত ছিলেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী, এস এম সুজা উদ্দিন, রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা প্রমুখ।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অতীতে পার্বত্য অঞ্চলের বিভিন্ন জাতিসত্তাকে স্বীকৃতি না দেওয়া অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন। তিনি বলেন, মুজিববাদী সংবিধানে জাতিসত্তার স্বীকৃতি না দিয়ে সবাইকে জোর করে বাঙালি করা হয়েছিল। এনসিপি সেই ব্যবস্থা দূর করতে চায়। বর্তমানে দেশে বিচার ও সংস্কার শেষ করে পরবর্তী বাংলাদেশ গঠন করতে হবে। তিনি বলেছেন পাহাড় থেকে সমতলে সবজায়গায় ভুলভ্রান্তির ঊর্ধ্বে থেকে এ এলাকায় বসবাসরত বিভিন্ন জাতী গোষ্ঠীর উন্নয়নে কাজ করতে হবে।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, দেশের কোন অপরাধী, দুর্নীতিবাজদের পানিশমেন্ট পোষ্টিং পার্বত্যাঞ্চল বা উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল এটা অপরাধীর শাস্তি হতে পারে না। যে দুর্নীতিবাজ তার বিচার নিশ্চিত করতে হবে। পার্বত্য এলাকায় কোন চাঁদাবাজ ধান্ধাবাজদের জায়গা হবে না। আমাদের কথায় কোন প্রকার ভুলভ্রান্তি হয়ে থাকলে তা আমরা সংশোধন করে নিবো। এখানের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জীববৈচিত্র রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।



banner close
banner close